মেসির হ্যাটট্রিকের পর ইনস্টাগ্রামে আন্তোনেল্লার আবেগঘন বার্তা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ মঞ্চে আবারও আলো ছড়ালেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন। পাশাপাশি বিশ্বকাপে ১৬তম গোলের মাইলফলক ছুঁয়েছেন মেসি। এই গোলে মেসি ছুঁয়ে ফেললেন ১৬ গোল করা মিরোস্লাভ ক্লোসাকে।

কানসাস সিটির গ্যালারিতে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো এবং তাদের তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরো। ম্যাচ শেষে পরিবারের আনন্দঘন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন আন্তোনেল্লা।

তিনি স্টেডিয়ামে তিন ছেলেকে নিয়ে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে আবেগমাখা বার্তায় লিখেছেন, “চলো আর্জেন্টিনা! সবসময় তোমার পাশে আছি, লিও মেসি। তুমি অসাধারণ!”

মেসির ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে পরিবারের উপস্থিতি এখন যেন এক পরিচিত দৃশ্য। বড় আসরে মাঠের লড়াইয়ে যেমন মেসি নেতৃত্ব দেন, তেমনি গ্যালারিতে পরিবারের সমর্থনও তাকে বাড়তি শক্তি জোগায়।

বিশেষ করে তিন সন্তানকে নিয়ে আন্তোনেল্লার উপস্থিতি বিশ্বকাপের নিয়মিত ছবিতে পরিণত হয়েছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপের পর এবারও পুরো পরিবারকে দেখা গেল আর্জেন্টিনার জার্সিধারী এই মহাতারকার পাশে।

আলজেরিয়ার বিপক্ষে মাঠে ইতিহাস গড়েছেন মেসি, আর গ্যালারি থেকে সেই ইতিহাসের সাক্ষী ছিলেন তার আপনজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights