র‍্যাবের ওপর হামলা: ডাকাত সফিক বাহিনীর আরো তিন সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাবের ওপর হামলার ঘটনায় ডাকাত সফিক বাহিনীর আরো তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার র‍্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার ভোরে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ের খাগাতুয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন খাগাতুয়া গ্রামের আবদুল কাদিরের কন্যা রিমা আক্তার (২৪), একই গ্রামের মৃত লিল মিয়ার ছেলে মোসলেম মিয়া (৫২) ও মোকলেছ মিয়া (৫৫)। এনিয়ে এই ঘটনায় মোট নয়জন আসামিকে গ্রেপ্তার করা হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১মে বিকেলে র‍্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের জন্য মোটর সাইকেলযোগে নবীনগর হয়ে বাঞ্ছারামপুর উপজেলায় যাওয়ার পথে নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে পৌঁছালে সফিক ডাকাত ও তার বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে র‌্যাব সদস্যদের মোটরসাইকেল থামিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে রক্তাক্ত জখম করে।

পরে ডাকাতরা তাদেরকে একটি বাড়িতে আটকে রেখে বেধড়ক মারধর করে। পরে গ্রামবাসী র‍্যাব সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এই ঘটনায় গত ১৩ মে র‍্যাবের একজন সদস্য বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ২১।

মামলা দায়েরের পরদিন র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে মামলার ছয় আসামিকে গ্রেপ্তার ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। মঙ্গলবার ভোরে এই মামলার আরো তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights