অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী
অনলাইন ডেস্ক
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষি বাজেট গত বছরের তুলনায় ১০.৩৫ শতাংশ বেড়েছে। আমাদের প্রণোদনা বা উন্নয়ন বাজেট আছে। বাজেটের ভেতরেও ভাগ আছে। সেখানে প্রণোদনা বাজেটে বেড়েছে ৫৯ শতাংশ। যা অনেক বেড়েছে। যারা বলে কৃষিতে বাজেট কমেছে, তারা হিসাব করেনি। এবারের কৃষিতে বাজেট অতীতের তুলনা বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে ‘জাতীয় ফল মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, প্রতিবছর ফল মেলা হয়ে থাকে। ফল উৎপাদনে বাংলাদেশ বিপ্লব ঘটিয়েছে। আমাদের যেসব ফল বিলুপ্তির পথে রয়েছে, সেগুলোকে এখানে উঠিয়ে আনা হয়েছে। বিদেশি যেসব ফল আমাদের দেশে উৎপাদন করা সম্ভব… যেগুলো আমরা আমদানি করতাম, সেগুলো এখানে উৎপাদন হচ্ছে। আমাদের আমদানি কমেছে। আশা করি, আগামী বছর আমাদের আর আমদানি করতে হবে না।
বিদেশে ড্রাগন ফল রফতানি প্রসঙ্গে তিনি বলেন, আগে আমরা ড্রাগন ফল আমদানি করতাম। এখন চিন্তা করছি, ড্রাগন ফল আমরা রফতানি করব। এটা কিন্তু একটা বাইরের ফল। আমরা ওয়েদারের কারণে রফতানি করার সাহস পাচ্ছি। বিদেশি ফলের বিকল্প হিসাব ও আমাদের সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ আম, কাঠাল রফতানি শুরু করেছে। এ বছর কাঠাল রফতানি বেড়ে যাবে। আগামী দিনে ফল রফতানি একটি গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসবে।
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস স্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী ‘জাতীয় ফল মেলা-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. আব্দুর রহিম উপস্থিত ছিলেন।
