দক্ষিণ কোরিয়ার অনুশীলনে অজ্ঞাত ড্রোন ভূপাতিত

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার অনুশীলন শিবিরের আকাশে অজ্ঞাত একটি ড্রোন উড়ে আসার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরে ড্রোনটি শনাক্ত করে গুলি করে ভূপাতিত করে মেক্সিকোর সামরিক বাহিনী।

গুয়াদালাহারায় অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়ার বন্ধ অনুশীলনের সময় এই ঘটনা ঘটে। এক মেক্সিকান ফেডারেল কর্মকর্তা জানান, বিশেষ প্রযুক্তির মাধ্যমে ‘নিবন্ধনহীন’ ড্রোনটি শনাক্ত করার পর তা দ্রুত নিষ্ক্রিয় করা হয়।

তবে দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়ং-বো জানিয়েছেন, এই ঘটনা দলের প্রস্তুতিতে বড় কোনো প্রভাব ফেলেনি। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অনুশীলনের সময় আকাশে ড্রোনটি দেখা গেলেও তখন আমরা ট্যাকটিক্যাল সেশন শুরু করিনি, তাই ক্ষতি হয়নি।’ তবে এমন ঘটনায় তিনি হতাশাও প্রকাশ করেন।

বৃহস্পতিবার সহ-আয়োজক মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া। দুই দলই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে মুখিয়ে আছে।

বিশ্বকাপকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মেক্সিকো। সাম্প্রতিক সময়ে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মনতেরেতে স্টেডিয়াম ও দলগুলোর ক্যাম্পের আশপাশে ঢোকার চেষ্টা করা একাধিক ড্রোনও নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, বড় টুর্নামেন্টে ড্রোন নিয়ে বিতর্ক নতুন নয়। ২০২৪ প্যারিস অলিম্পিকের আগে নিউজিল্যান্ডের অনুশীলনে নজরদারির অভিযোগে কানাডার নারী ফুটবল দলের কোচিং স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।

সূত্র: স্টার নিউজ কোরিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights