যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা শুরু
নিজস্ব প্রতিবেদক, যশোর
ক্রীড়াই হোক সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধন’—স্লোগানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা ২০২৫-২০২৬’।
বৃহস্পতিবার সকালে যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তর এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
আগামী সোমবার (২২ জুন) পর্যন্ত চলমান এই ক্রীড়াযজ্ঞে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল (ছাত্র ও ছাত্রী) এবং কাবাডি (ছাত্র) দল অংশগ্রহণ করছে।
অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো—যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।
২২ জুন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার পর্দা নামবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন এবং আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন। শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, শরীরচর্চা শিক্ষা দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, প্রশিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
