লিবিয়ার উপকূলে এক সপ্তাহে ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
লিবিয়ার পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে গত এক সপ্তাহে নারীসহ অন্তত ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকা ডুবে যাওয়ার ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে নিরাপত্তা, নৌবাহিনী ও চিকিৎসাসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
নৌবাহিনীর একটি সূত্র জানায়, একই ঘটনায় অন্তত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী ছিলেন।
সূত্রগুলো জানায়, মিশর সীমান্তসংলগ্ন লিবিয়ার তোব্রুক শহরের উপকূলবর্তী বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। দুইজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহগুলোর অনেকগুলোতেই পচন ধরেছিল। উপকূলের বিভিন্ন স্থানে আরও মরদেহ ভেসে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তোব্রুক রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা যায়, স্বেচ্ছাসেবকেরা উপকূলের পাথুরে এলাকা থেকে মরদেহ সংগ্রহ করে বিশেষ ব্যাগে সংরক্ষণ করছেন।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়ার উপকূল ইউরোপমুখী অভিবাসীদের অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে। সংঘাত, দারিদ্র্য ও অনিশ্চয়তা থেকে মুক্তির আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ বিপজ্জনক সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।
এদিকে পৃথক এক ঘটনায় লিবিয়ার রাজধানী ত্রিপোলির উপকূলে নৌকাডুবির পর আরও ১৩ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জরুরি চিকিৎসা ও সহায়তা কেন্দ্র জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
