তীব্র তাপপ্রবাহ: সংগীত উৎসবে অ্যালকোহল নিষিদ্ধ করলো ফ্রান্স

অনলাইন ডেস্ক
তীব্র গরমের ঢেউয়ে বিপর্যস্ত ইউরোপের দেশ ফ্রান্সে জাতীয় সংগীত উৎসব ঘিরে জনসমাগমস্থলে অ্যালকোহল নিষিদ্ধ করেছে সরকার। রেড হিটওয়েভ সতর্কতা জারির পর জনস্বাস্থ্য ও জরুরি সেবা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্ষিক এই উৎসব ‘ফেত দ্য লা মিউজিক’ উপলক্ষে প্রতি বছর লাখো মানুষ রাস্তায় নেমে আসে। কিন্তু এবার দেশটির প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় সর্বোচ্চ মাত্রার তাপপ্রবাহ সতর্কতা (রেড অ্যালার্ট) থাকায় পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, রাষ্ট্রীয় সংস্থা ও সরকারি ব্যবস্থাপনায় আয়োজিত সব অনুষ্ঠানে অ্যালকোহল পরিবেশন ও পান নিষিদ্ধ করা হয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নুর কার্যালয় থেকে বলা হয়, জরুরি চিকিৎসা ও স্বাস্থ্যসেবার ওপর চাপ কমাতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশটির আবহাওয়া দফতার ‘মেটিও-ফ্রান্স’ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম থেকে প্যারিস অঞ্চল হয়ে বারগান্ডি পর্যন্ত তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। কিছু এলাকায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, সোমবারের দিকে তাপপ্রবাহ আরও তীব্র হয়ে ইতিহাসের উচ্চ তাপমাত্রার কাছাকাছি পৌঁছাতে পারে।

টানা কয়েক দিনের তাপপ্রবাহে ফ্রান্সজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু ট্রেন চলাচল বাতিল হয়েছে, পাশাপাশি স্কুল-কলেজের ক্লাসও স্থগিত করা হয়েছে।

সরকার জানিয়েছে, জরুরি সেবা এবং হাসপাতালগুলোকে চাপমুক্ত রাখতে জনসমাগমস্থলে অ্যালকোহল গ্রহণ সীমিত করা জরুরি। একই সঙ্গে সাধারণ মানুষকে গরমে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

রাজধানী প্যারিসে পর্যটক ও স্থানীয়দের তাপদাহ থেকে কিছুটা স্বস্তি দিতে পার্ক ও বাগানগুলো রাতেও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে চলা এই ‘ফেত দ্য লা মিউজিক’ উৎসবটি সাধারণত গ্রীষ্মকালীন সূর্য অয়নান্ত দিনে আয়োজন করা হয়। গত বছর শুধু প্যারিসেই প্রায় ২০ লাখ মানুষ এতে অংশ নিয়েছিল। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights