দিঘীরপাড়ের চার দফা দাবি বাস্তবায়নে ডিসির কাছে স্মারকলিপি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি ও গণস্বাক্ষরপত্র জমা দিয়েছেন স্থানীয় যুব সমাজ ও আলেম সমাজের নেতৃবৃন্দ।

রবিবার (২১ জুন) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে দিঘীরপাড় যুব সমাজ ও আলেম সমাজের উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় এলাকার যুবসমাজ, আলেম-ওলামা, শিক্ষক, সাংবাদিক, প্রবীণ সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণের স্বাক্ষরসংবলিত গণস্বাক্ষরপত্রও জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে দিঘীরপাড় এলাকার চারটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে দিঘীরপাড় ব্রিজ নির্মাণ, কান্দারবাড়ি এলাকায় ভয়াবহ নদীভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ, গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ এবং জনসাধারণের যাতায়াত ও জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দিঘীরপাড় ব্রিজের অভাবে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া কান্দারবাড়ি এলাকায় নদীভাঙন ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করায় বসতবাড়ি, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।

স্মারকলিপি গ্রহণের পর মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বলেন, দিঘীরপাড় এলাকার দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করা হবে। জনগণের স্বার্থসংশ্লিষ্ট এসব বিষয়ে জেলা প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করবে।

জেলা প্রশাসকের আশ্বাসে এলাকাবাসীর মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, দীর্ঘদিনের দাবি দিঘীরপাড় ব্রিজ নির্মাণ, কান্দারবাড়ি নদীভাঙন রোধ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

দিঘীরপাড় যুব সমাজ ও আলেম সমাজের নেতৃবৃন্দ বলেন, চার দফা দাবি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং পুরো এলাকার মানুষের প্রাণের দাবি। এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights