‘কডা লাগবে, লয়ে যান ঠকবেন না’

অনলাইন ডেস্ক
রাজধানীর কারওয়ান বাজার লেভেলক্রসিং মোড়। হাতিরঝিল, তেজগাঁও এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার মিলনস্থল মোড়টি। রাত ১১টার দিকে রেললাইন ধরে পার হচ্ছিলেন কামরুল ইসলাম। সেখানে দাঁড়িয়ে এক যুবক কামরুলের উদ্দেশে বলে ওঠেন, ‘কডা?’ কামরুল দেখেন, ওই যুবকের হাতে ইয়াবা। কিছু বললেন না। যুবক ফের জানতে চাইলেন, ‘কডা লাগবে?’ এবার কামরুল দাম জানতে চাইলেন।

জানালেন, প্রতি পিস ৩০০ টাকা। কখনো সেবন করেননি জানিয়ে কামরুল কিনতে আগ্রহী হলেন না। কিন্তু ওই যুবক বলতে থাকেন, ‘নিয়ে যান। ভালো মাল। খাইলে কাল আবার আসবেন। গাঁজাও আছে।’ সেখান থেকে কামরুল এগোতে থাকেন তেজগাঁও লেভেলক্রসিংয়ের দিকে। দৃশ্যটি গত মঙ্গলবারের।

হেঁটে ৩০ কদম এগোতেই আবার একই ডাক, ‘কডা লাগবে?’ হাতে ইয়াবা, গাঁজাসহ তিন যুবক দাঁড়িয়ে। কামরুল কথা না বলে এগোচ্ছিলেন। এক যুবক তাঁর পিছু নেন। কামরুলের পাশে গিয়ে বলেন, ‘লয়ে যান। ঠকবেন না। দুই পিস ৫৫০ টাকা দিয়েন।’ ওই যুবকের হাতে একটি ধারালো ছুরিও ছিল। আরেকটু সামনে গেলে দেখা যায়, কয়েকজন নারী-পুরুষ বসে। তাঁরা গাঁজা সেবন করছিলেন। কামরুলকে দেখে এক নারী বলে ওঠেন, ‘কয় পোঁটলা লাগবে?’ ওই নারী গাঁজা বিক্রি করছিলেন।

কারওয়ান বাজারের শুঁটকি ও চালপট্টির পাশ দিয়ে রেললাইনে ওঠার সরু পথ। লাইনে বয়স্ক এক ব্যক্তি গাঁজা বিক্রি করছিলেন। তাঁর কাছ থেকে এক ক্রেতা গাঁজা কেনেন। কেনার সময় তিনি গাঁজার পুঁটলি খুলে দেখে নেন। বয়স্ক ব্যক্তিটি ইয়াবাও বিক্রি করছিলেন। মাদক সেবকের ছদ্মবেশে এই প্রতিবেদক তাঁর কাছে জানতে চান, এখানে ইয়াবা সেবনের ব্যবস্থা করিয়ে দেওয়া যাবে কি না। তিনি হাত দিয়ে দেখিয়ে বলেন, ‘রেললাইনের ওই ঘরে গেলে খাওয়া যাবে। আমাকে চা খাওয়াও। ফুয়েল আমি দিমুনে।’ নাম জানতে চাইলে তিনি নিজেকে মামুন বলে পরিচয় দেন।

মঙ্গলবার রাতের পর বুধ ও বৃহস্পতিবার সকাল ও দুপুরে আবারও কারওয়ান বাজারের রেললাইনে সরেজমিনে যাওয়া হয়। বুধবার দুপুর ২টার দিকে তেজগাঁও লেভেলক্রসিং থেকে কারওয়ান বাজার লেভেলক্রসিং পর্যন্ত হেঁটে দেখা যায়, রেলের দুই ধারে অন্তত ৩০ জন নারী-পুরুষ গাঁজার পুঁটলি বিক্রি করছিলেন। তাঁদের সবার হাতে কালো প্যাকেট। তাতে মদকদ্রব্য। গত বৃহস্পতিবার সকালে গিয়েও একই দৃশ্য দেখা গেছে। এই তিন দিনে একবারের জন্যও সেখানে পুলিশের অবস্থান দেখা যায়নি। রেললাইন দিয়ে কেউ হেঁটে গেলে বিক্রেতারা প্রথমে আস্তে আস্তে ‘কডা’ শব্দ উচ্চারণ করেন। প্রয়োজন পড়লে আরেকটু জোরে ‘কডা লাগবে’ বলে ডাক দেন। হেঁটে যাওয়া ব্যক্তি যদি মাদকসেবী হন কিংবা কিনতে যান, তিনি বুঝতে পারেন। তখন লেনদেন সম্পন্ন করেন তাঁরা। এ দৃশ্য কেবল এই তিন দিনের নয়। বছরের পর বছর ধরে ২৪ ঘণ্টা সেখানে মাদক বিক্রি হয়। এ ছাড়া কারওয়ান বাজারের বিভিন্ন স্পটে সব সময় চলে মাদকের বিকিকিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, কারওয়ান বাজার এলাকায় অনেক মাদক কারবারি রয়েছেন। তাঁদের মধ্যে টঙ্গীর রতন, উত্তরার ইকবাল, নাখালপাড়ার প্রান্তি, মালিবাগের জাহাঙ্গীর ও মন্টু মিয়া বড় মাদক ব্যবসায়ী। পুলিশও তাঁদের সম্পর্কে অবগত। তাঁরা মাদক বিক্রির জন্য অনেক লোক রাখেন। একজনকে আটক করা হলে সঙ্গে সঙ্গে একই জায়গায় তাঁদের অন্য লোকজন হাজির হয়। এক পিস ইয়াবা বিক্রি করে দিলে ১০ টাকা কমিশন পায় বিক্রেতা। ক্ষেত্রবিশেষে আরেকটু বেশিও পাওয়া যায়। গাঁজা বিক্রি করে দিলেও কমিশন আছে। মোল্লাবাড়ি বস্তির সেলিনা আক্তারসহ তাঁর বোনেরাও মাদক বিক্রি করেন। এর বাইরেও ছোট-বড় আরো অসংখ্য ব্যক্তি পুলিশের নাকের ডগায় প্রকাশ্যে মাদক বাণিজ্য করছে। পুলিশ-প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে কারওয়ান বাজারে মাদক বিক্রি হয় বলে অনেকের অভিযোগ।

রেললাইনের কাঁচাবাজারের পাশের পশ্চিম অংশ তেজগাঁও থানা ও পূর্ব পাশের এলাকা তেজগাঁও শিল্পাঞ্চল থানার আওতাধীন। তেজগাঁও থানার আওতাধীন ঘরগুলো ভেঙে ফেলা হয়েছে। যদিও রেললাইনের ধারের শিল্পাঞ্চল থানা এলাকায় অনেক ছোট ছোট ঘর রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ওই সব ঘর মাদক কারবারি ও তাঁদের সহযোগীদের। কিন্তু কারবারিরা সেখানে থাকেন না। ঢাকার বিভিন্ন স্থানে তাঁদের আলাদা বাড়ি রয়েছে। মাদক বিক্রির জন্যই ঘরগুলো তৈরি।

রেললাইনের পাশে রয়েছে মোল্লাবাড়ি বস্তি। মোল্লাবাড়ি বস্তির এক বাসিন্দা নাম প্রকাশ না করে দাবি করেন, ‘বস্তির অনেক লোক মাদকের সঙ্গে জড়িত। রেললাইনে যাঁরা বিক্রি করেন, তাঁদের প্রায় সবাই বস্তিতে থাকেন। বস্তি আর রেলের পাশের ঘরগুলোতে মাদক রাখেন। কেউ কিছু বললে তাকে বস্তিতে থাকতে দেন না। পুলিশ টাকা খায়। চাপে পড়ে বস্তিতে আসামি ধরতে গেল মারও খায়।’

কারওয়ান বাজারের কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বললে তাঁরা জানান, রেললাইন থেকে মাদক কারবারিদের না ধরলেও ধরা হয় ক্রেতাদের। কারণ, বিক্রেতারা টাকা দেন। এক চাল ব্যবসায়ী বলেন, ‘কারওয়ান বাজারে অনেক মিডিয়া, তেজগাঁওয়ের দুই থানা, এই এলাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরা সবাই জানে। কিন্তু কেন চুপ বুঝে নেন।’

মাদক কারবারিদের কাছ থেকে পুলিশ টাকা নেয়, এ অভিযোগ অস্বীকার করে তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুল হান্নান বলেন, ‘ঢাকাসহ সারা দেশের রেললাইনেই মাদক বাণিজ্য হয়। আমরা প্রতিদিন মাদক কারবারিদের ধরি। একজনকে যে জায়গা থেকে ধরব, ১৫ মিনিট পরই ওই জায়গায় নতুন কারবারি চলে আসে। আর যদি রেললাইনে বা বস্তিতে অভিযানে যাই, তাহলে ১০ জনের কম নিয়ে অভিযানে যাই না। কারণ, ওরা সংঘবদ্ধভাবে আক্রমণ করে।’

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব বলেন, ‘এক দিন ইয়াবাসহ রেললাইনে একজনকে ধরেছি। সে সময় আশপাশে থাকা করবারিরা চলে যায়। কিন্তু দুজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আমাদের দিকে এগিয়ে আসে। আমরা দুজন পুলিশ ছিলাম। এ দৃশ্য দেখে আমরা একটু সরে যাই। নতুবা ওরা অস্ত্র চালাবে। ওই সুযোগে কারবারিরা চলে যায়, ওরাও চলে যায়। কারওয়ান বাজার ভয়ংকর জায়গা। এক নারী কারবারিকে ধরলাম। তিনি জানালেন, প্রতি মাসে গাঁজা আর ইয়াবা বিক্রি করে তিনি ৮০ হাজার থেকে এক লাখ টাকা লাভ করেন। জামিনের টাকা তুলতে সময় লাগে না। সে জন্য, বছরের পর বছর একই কাজ করেন।’

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘এখানে মাদক কারবার আগেও ছিল, এখনো চলছে। রেললাইনের পাশের যে বস্তি রয়েছে, ওখানে পরিবার নিয়ে থাকে অনেকে। ওরাই মাদক বিক্রি করে। সিটি করপোরেশন যত দিন বস্তি তুলে না দেবে তত দিন মাদক বন্ধ হবে না। আজ ধরি, দুই দিন পর আবার জামিনে চলে আসে। আসামি ধরতে গেলেও তারা আক্রমণ করে।’

সৌজন্যে কালের কণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights