মেসির মতো আর কেউ কেন আসবে না, জানালেন ঘনিষ্ঠ সতীর্থ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্ব দেখালেন লিওনেল মেসি, আর তাঁর পাশেই থেকে সেই জাদু কাছ থেকে দেখার অভিজ্ঞতা শেয়ার করলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর আর্জেন্টিনার এই মিডফিল্ডার জানালেন, মেসির মতো ফুটবলার আর কখনো আসবে না, তাঁর খেলা শেখাও প্রায় অসম্ভব।

ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ম্যাক অ্যালিস্টার বলেন, লিওনেল মেসির সঙ্গে খেলাটা তাঁর জন্য ভিন্ন এক অভিজ্ঞতা। তিনি যা করেন, তা সাধারণ কিছু নয় এবং দলের জয়ের জন্য তাঁর অবদান অপরিসীম।

মেসির কাছ থেকে শেখার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মেসির ড্রিবলিং বা পাসিং বোঝা গেলেও সেগুলো মাঠে একইভাবে প্রয়োগ করা সম্ভব নয়। তবে তাঁর নম্রতা এবং মূল্যবোধ থেকে শেখার মতো অনেক কিছু রয়েছে।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির হ্যাটট্রিকের পেছনে ম্যাক অ্যালিস্টারের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। প্রথম গোলের সময় তিনি বুঝতে পারেন বলটি তাঁর জন্য নয়, তাই ছেড়ে দেন, আর সেটিই কাজে লাগিয়ে গোল করেন মেসি।

তৃতীয় গোলটিও ছিল দারুণ এক দলীয় প্রচেষ্টার ফল। আক্রমণ গড়ে উঠে ডান দিক থেকে, পরে বাম দিক ঘুরে বল আসে মেসির কাছে। এরপর নিখুঁত শটে জালে বল জড়ান তিনি।

এই ম্যাচটি মেসির জন্য ছিল রেকর্ডময়। ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার কীর্তি গড়ার পাশাপাশি এটি ছিল তাঁর ১৭তম জয়, যা মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান। হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে যৌথ সর্বোচ্চ গোলদাতার কাতারেও উঠে যান তিনি।

ম্যাচের ৮০ মিনিটে তাঁকে তুলে নেওয়ার সময় পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানায়।

আজ ২২ জুন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ১৯৬২ সালের ব্রাজিলের পর টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights