৪ বছর পর সেই একই বিতর্ক: কেন এখনো শুরুর একাদশে বুড়ো রোনালদো?

অনলাইন ডেস্ক

চার বছর পেরিয়ে গেলেও প্রশ্নটা একই রয়ে গেছে, কেন এখনো শুরুর একাদশে ক্রিস্টিয়ানো রোনালদো। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর আবারও এই বিতর্ক জোরালো হয়ে উঠেছে পর্তুগাল শিবিরে।

২০২২ কাতার বিশ্বকাপে এই প্রশ্নে চাপে পড়েছিলেন তৎকালীন কোচ ফেরনান্দো সান্তোস। শেষ পর্যন্ত নকআউট পর্বে রোনালদোকে বেঞ্চে বসানোর সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে বর্তমান কোচ রবার্তো মার্তিনেজ এখনো রোনালদোর ওপরই আস্থা রাখছেন।

কাতারের পর কোচ বদলেছে, ক্লাব বদলেছে, কিন্তু রোনালদোকে ঘিরে আলোচনা বদলায়নি। আল নাসরে যোগ দেওয়ার পর অনেকেই ভেবেছিলেন জাতীয় দলে তাঁর অধ্যায় শেষের পথে। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই মার্তিনেজ তাঁকে দলে নিয়মিত রেখেছেন।

মার্তিনেজ বরাবরই পরিসংখ্যান দিয়ে এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেন। জাতীয় দলের হয়ে শেষ ৩০ ম্যাচে ২৫ গোল, নেশনস লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়া এবং ক্লাব পর্যায়ে ধারাবাহিক গোল করার বিষয়গুলোই তুলে ধরেন তিনি।

তবে মাঠের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকরা। বড় টুর্নামেন্টে ওপেন প্লে থেকে দীর্ঘদিন গোল নেই, টানা ১০ ম্যাচে গোলহীন থাকা এবং কঙ্গোর বিপক্ষে মাত্র ২৯টি বল স্পর্শ, এসবই সমালোচনার ভিত্তি হয়ে উঠেছে।

ম্যাচে একটি মুহূর্তও বিতর্ক বাড়িয়েছে। ব্রুনো ফার্নান্দেজ ভালো অবস্থানে থাকলেও রোনালদো নিজে শট নেন। এ নিয়ে সাবেক তারকা থিয়েরি অঁরি বলেন, দলের প্রয়োজন গোল, ব্যক্তিগত নয়। পল স্কোলস আরও কঠোর ভাষায় মন্তব্য করেন, এই বয়সে মাঠে নির্দিষ্ট একটি ভূমিকাই মানানসই।

এদিকে কিছু বিশ্লেষকের ধারণা, রোনালদোকে কেন্দ্র করেই কোচ মার্তিনেজ নিজের অবস্থান শক্ত করে রেখেছেন। তবে এসব জল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

দলকে এই বিতর্কের বাইরে রাখতে চেষ্টা করছে কোচিং স্টাফ। ডিওগো দালোত জানিয়েছেন, রোনালদোর মতো খেলোয়াড় দলে থাকলে মানসিক প্রস্তুতিও ভিন্নভাবে নিতে হয়। তাদের লক্ষ্য এই আলোচনা দ্রুত পেছনে ফেলে মাঠে মনোযোগ দেওয়া।

এখন সব নজর উজবেকিস্তান ম্যাচে। এই ম্যাচে রোনালদো নিজেকে প্রমাণ করতে না পারলে, তাঁকে একাদশে রাখার পক্ষে যুক্তি আরও দুর্বল হয়ে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights