কিশোরীর মরদেহ উদ্ধার, পাশেই ছিল বিয়ের লাল শাড়ি
সিরাজগঞ্জ প্রতিনিধি
যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দের মফিজ মোড়ে মহাসড়কের পাশ থেকে মুক্তা খাতুন (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ বিকৃত অবস্থায় মরদেহটি উদ্ধার করেন। ওই কিশোরীর পাশে একটি লাল বিয়ের শাড়ি পড়েছিল।
কিশোরী মুক্তা খাতুন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পুব দেলুয়া গ্রামের আলতাব হোসেনের মেয়ে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সকালে মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। মেয়েটির পাশে বিয়ের একটি শাড়ি পড়েছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সড়কে কোনো গাড়ির নিচে চাপা পড়ে ওই নারী মারা গেছে।
তিনি আরো জানান, দুপুরের পর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি।
