ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

অনলাইন ডেস্ক

ইসলামাবাদ সমঝোতা চুক্তির আওতায় জ্বালানি তেল রফতানিতে ইরানের উপর থেকে ৬০ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) ইরানের জন্য একটি সাধারণ লাইসেন্স জারি করেছে, যা আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের উৎপাদিত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল এবং পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমতি দেয়।

এ বিষয়ে ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্কট বেসেন্ট একটি পোস্টে বলেন, ‘সুইজারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালীতে অবাধ ও উন্মুক্ত যাতায়াত বজায় রাখতে এবং তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

নতুন এই ছাড়ের ফলে আগামী ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট পর্যন্ত ইরান বিশ্বের প্রায় সব দেশের কাছে, এমনকি যুক্তরাষ্ট্রের কাছেও তেল বিক্রি ও সরবরাহ করতে পারবে।

বিশ্লেষকদের মতে, বছরের পর বছর কঠোর নিষেধাজ্ঞার কারণে সীমিত হয়ে পড়া তেল রপ্তানির সুযোগ পুনরুদ্ধার হওয়ায় এটি ইরানের অর্থনীতির জন্য বড় ধরনের স্বস্তি বয়ে আনতে পারে।

উল্লেখ্য-পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত ১৭ জুন যুক্তরাষ্ট্র-ইরানের প্রেসিডেন্ট পর্যায়ে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তির একটি অন্যতম শর্ত ছিল যে ইরানি তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র; তবে এই প্রত্যাহারের মেয়াদ থাকবে ৬০ দিন।

সূত্র : আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights