নেইমার বিতর্কে চাপে ব্রাজিল, স্কটল্যান্ড ম্যাচের আগে আস্থার সংকট

অনলাইন ডেস্ক
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চাপে পড়েছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই দলটি ঘরের ভেতরেই আস্থার সংকট আর নেইমার বিতর্কে জর্জরিত।

বাছাইপর্বের হতাশাজনক পারফরম্যান্সের ছাপ যেন এখনো কাটিয়ে উঠতে পারেনি সেলেসাওরা। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলে পঞ্চম হয়ে বিশ্বকাপে আসা দলটিকে নিয়ে সমর্থক ও বিশ্লেষকদের আস্থা কমে গেছে।

বিশ্বমঞ্চে যেখানে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, এরলিং হালান্ড, ক্রিস্টিয়ানো রোনালদোরা নিজেদের ছন্দে উজ্জ্বল, সেখানে ব্রাজিল এখনো নিজেদের খুঁজে ফিরছে। মরক্কোর বিপক্ষে ১-১ ড্র এবং হাইতির বিপক্ষে ৩-০ জয়ও পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি সমর্থকদের।

দল নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের বিশ্লেষক মাউরো সেজার পেরেইরা। তার মতে, যারা ফুটবল বোঝেন, তারা এই দলের ওপর আস্থা রাখতে পারছেন না। একই সুর শোনা গেছে পাওলো ভিনিসিয়ুস কোয়েলহোর কণ্ঠেও, তার মতে দল এখনো গুছিয়ে উঠতে পারেনি।

সবচেয়ে বেশি আলোচনা নেইমারকে ঘিরে। ৩৪ বছর বয়সী এই তারকা এখনো বিশ্বকাপে এক মিনিটও মাঠে নামেননি। কাফ ইনজুরির কারণে বাইরে থাকা তাকে দলে নেওয়া নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে।

টিভি বিশ্লেষক নেতো সরাসরি নেইমারের ফিটনেস ও মনোযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। মেসির উদাহরণ টেনে তিনি বলেন, এমন চোটে পড়া বা ম্যাচ মিস করা মেসির ক্ষেত্রে দেখা যায় না।

তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্কটল্যান্ড ম্যাচে পরিস্থিতি অনুকূলে থাকলে নেইমারকে সীমিত সময়ের জন্য মাঠে নামানো হতে পারে। কোচ কার্লো আনচেলত্তিও ইঙ্গিত দিয়েছেন, নেইমার খেলতে প্রস্তুত।

আক্রমণভাগেও রয়েছে সমস্যা। রাফিনহা চোটে ছিটকে গেছেন, রদ্রিগো পুরো টুর্নামেন্টেই নেই। ফলে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে আক্রমণে দায়িত্ব নিতে পারেন মাথেউস কুনহা।

মাঝমাঠে কাসেমিরোর গতি নিয়েও সমালোচনা রয়েছে। যদিও শেষ ম্যাচে তিনি দৌড়ে জবাব দেওয়ার চেষ্টা করেছেন, তবু সমাধান খুঁজছে দল।

গ্রুপের জটিল সমীকরণে ব্রাজিলের সামনে এখন বড় চ্যালেঞ্জ। স্কটল্যান্ডের বিপক্ষে পয়েন্ট হারালে নকআউটে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার শঙ্কা তৈরি হবে। এমনকি দ্রুত উন্নতি না হলে প্রথম নকআউট রাউন্ড থেকেই বিদায়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights