ভিনিসিয়াস ম্যাজিক, ৭ নম্বরে ফিরছে ব্রাজিলের সুদিন?
অনলাইন ডেস্ক
মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, এমবাপ্পে কিংবা হালান্দ; ফুটবল বিশ্বের এমন এক অভিজাত টেবিল, যেখানে বসার যোগ্যতা কেবল গুটিকয়েক মহাতারকারই থাকে। একটা সময় পর্যন্ত ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রকে এই তালিকায় রাখার কথা হয়তো অনেকে ভাবতেও পারেননি। কিন্তু চলতি ২০২৬ বিশ্বকাপে সেই চেনা বৃত্তটা ভেঙে চুরমার করে দিয়েছেন তিনি। ক্যারিয়ারের শেষ বড় বাধাটুকু টপকে রিয়াল মাদ্রিদের এই তারকা এখন এমন এক বিধ্বংসী রূপে হাজির হয়েছেন, যা ফুটবল দুনিয়াকে নতুন করে ভাবতে বাধ্য করছে।
অথচ একটা সময় ‘আমি ১০ গুণ কিংবা ১০০ গুণ বেশি করে দেখাবো’ ভিনির এই পুরোনো মন্তব্যটি নিয়ে একসময় কম উপহাস হয়নি। কিন্তু নিন্দুকদের সেই ট্রোলকে সান্ত্বনা পুরস্কারে পরিণত করে ভিনিসিয়াস এখন স্বমহিমায় ভাস্বর। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৪টি গোল এবং ১টি অ্যাসিস্ট করে তিনি জানান দিয়েছেন যে, ফুটবল বিশ্বকে শাসন করার মঞ্চে তিনিও এখন অন্যতম প্রধান দাবিদার। বছরের পর বছর ধরে ভিনিসিয়াসকে একটা নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল। রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে তিনি যতটা উজ্জ্বল ছিলেন, ব্রাজিলের ‘কানারিনহা’ জার্সিতে ততটাই যেন ফিকে হয়ে যেতেন। জাতীয় দলের হয়ে নিজের চেনা ছন্দ খুঁজে না পাওয়া এবং ধারাবাহিকতার অভাব নিয়ে খোদ ব্রাজিলেই তাকে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। রিয়ালের সেই চেনা লিডারশিপ কেন জাতীয় দলে অনুপস্থিত, এই প্রশ্নটাই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ক্ষত।
অবশেষে নিজের সেই অধরা স্বপ্ন পূরণ করলেন ভিনিসিয়াস। নকআউট পর্ব নিশ্চিত করার পর নিজেই অকপটে স্বীকার করেছেন, বিগত বছরগুলোতে জাতীয় দলে তিনি এমন কিছু পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, যেখানে তার স্বাভাবিক ফুটবল খেলাটাই কঠিন ছিল। তবে এবারের বিশ্বকাপে দৃশ্যপট পুরোপুরি ভিন্ন। প্রথমবারের মতো ব্রাজিল দলটা যেন তাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। বল পায়ে নিলেই প্রতিপক্ষ শিবিরে কাঁপুনি ধরানো আর ম্যাচের ভাগ্য একাই বদলে দেওয়ার সেই চেনা ভিনিসিয়াসকে এখন দেখছে বিশ্ব।
জাতীয় দলের জার্সিতে এই অতিমানবীয় পারফরম্যান্সের সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে সান্তিয়াগো বার্নাব্যু তথা রিয়াল মাদ্রিদের ভ্যালদেবেবাসেও। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে রিয়ালের সাথে চুক্তি নবায়নের আলোচনা স্থগিত করে দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তিনি খুব ভালো করেই জানতেন, বিশ্বকাপের মঞ্চে একটা দুর্দান্ত পারফরম্যান্স আলোচনার টেবিলে তার অবস্থান কতটা শক্তিশালী করে তুলবে। ২০২৭ সাল পর্যন্ত রিয়ালের সাথে চুক্তি থাকা ভিনিসিয়াস প্রতিটি ম্যাচ দিয়ে নিজের পাল্লা ভারী করছেন। মাঠের পারফরম্যান্স দিয়ে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষকে তিনি এই প্রচ্ছন্ন বার্তাই দিচ্ছেন যে, তাকে ধরে রাখতে হলে ক্লাবকে এখন অনেক বড়সড় ত্যাগ স্বীকার করতে হবে। কারণ, এই ভিনিসিয়াসকে হাতছাড়া করার ভুল রিয়াল মাদ্রিদ কোনোভাবেই করতে চাইবে না।
সূত্র: মার্কা
