অটোপাইলট সচল টেসলা ঢুকে পড়ল বাড়িতে, প্রাণ হারালেন নারী

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের টেক্সাসে অটো পাইলট ড্রাইভিং সিস্টেম সচল থাকা এক টেসলা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে একটি ঘরে ঢুকে পড়লে ঘরের ভেতরে থাকা একজন নারী প্রাণ হারিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে টেসলার স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তির কারণে ঘটে যাওয়া একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা এবং কোটি কোটি ডলারের জরিমানা কোম্পানিটিকে মার্কিন প্রশাসনের তীব্র নজরদারির মুখে দাঁড় করিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুসারে, টেক্সাসের কেটি এলাকায় ‘অটোমেটেড ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স সিস্টেম’ বা স্বয়ংক্রিয় চালনা সহায়তা প্রযুক্তি চালু থাকা এক টেসলা গাড়ি ঘরের ভেতর ঢুকে পড়লে ওই নারীর মৃত্যু হয়। হ্যারিস কাউন্টি শেরিফের কার্যালয় বলেছে, চালক মাইকেল বাটলারের টেসলা ‘মডেল ৩’ গাড়িটিতে ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স সিস্টেমটি ‘সচল’ ছিল এবং শুক্রবার রাতে গাড়িটি ১৯০৭ ব্লুমিং পার্ক লেনের এক বাড়িতে গিয়ে আঘাত করে।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মডেল ৩ গাড়িটি ‘নির্দিষ্ট লেন ধরে চলতে ব্যর্থ হয়, রাস্তা ছেড়ে বাইরে চলে যায় এবং দ্রুত গতিতে গিয়ে বাড়িটিতে আঘাত হানে’। এ দুর্ঘটনার সময় মার্থা আভিলা নামের এক নারী ওই ঘরের ভেতরে ছিলেন।

পুলিশ বলেছে, আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চালকের মধ্যে ‘নেশাগ্রস্ত থাকার কোনো লক্ষণ মেলেনি’ এবং তিনি তদন্তের কাজে সম্পূর্ণ সহযোগিতা করছেন।

গেল কয়েক বছরে অটো পাইলট সম্পর্কিত বেশ কিছু দুর্ঘটনার কারণে টেসলা মার্কিন ‘ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেইফটি অ্যাডমিনিস্ট্রেশন’-এর তীব্র নজরদারির মুখে পড়েছে। গাড়ির চালনা সহায়তা প্রযুক্তির সঙ্গে জড়িত এসব দুর্ঘটনা টেসলা কীভাবে নথিবদ্ধ করে তা খতিয়ে দেখতে গত বছর এ ফেডারেল সংস্থাটি তদন্ত শুরু করেছে।

অতি সম্প্রতি, আদালত রায় দিয়েছে, ২০১৯ সালের এক প্রাণঘাতী দুর্ঘটনার জন্য টেসলা ২৪ কোটি ৩০ লাখ ডলার জরিমানা দেবে। এ দুর্ঘটনায়ও গাড়িটির অটো পাইলট ফিচারটি সচল ছিল।

তথ্য সূত্র- পিপল.কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights