ফ্যাসিস্টদের আর সুযোগ দেওয়া হবে না: আজম খান
অনলাইন ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর ভারত-বাংলাদেশকে এক হওয়ার প্রসঙ্গে জনতার দলের মহাসচিব আজম খান বলেছেন, ভারতে জনসংখ্যা ১৪০ কোটি। আর বাংলাদেশে জনসংখ্যা ২০ কোটি। তাদের স্বপ্ন আর বাংলার মানুষের স্বপ্ন এক হতে পারে না। দীনেশ ত্রিবেদী আপনি অচিরে দেশে ফিরে যান।
শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ভারতীয় আধিপত্যবাদ, সীমান্তে অবৈধ পুশ-ইন ও পানি-সন্ত্রাসের বিরুদ্ধে’ আয়োজিত আলোচনা সভা ও জনতার দলে গণযোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আজম খান বলেন, আমি সাবধান করে দিচ্ছি, ভিসা চালুর মাধ্যমে ফ্যাসিস্টদের আবার দেশের ফেরার চেষ্টা করছে ভারত। তাদের নতুন করে আর কোথাও ভিসা সেন্টার চালুর সুযোগ দেওয়া হবে না। ফ্যাসিস্টদের আর সুযোগ দেওয়া হবে না। এর জন্য জনতার দলের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে।
আলোচনা সভায় জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল, জ্যেষ্ঠ কৌশলগত ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ, নৈতিক কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহাবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র মেজর (অব.) ডেল এইচ খান, প্রবীণ সাংবাদিক জাহাঙ্গীর চৌধুরী, আইনজীবী পারভীন সুলতানা, সমাজসেবী জাহান আরা আবেদীন, মেরিন ক্যাপ্টেন রেদওয়ান শিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে জনতার দলে দেশের বিভিন্ন জেলা থেকে তিন শতাধিক নেতাকর্মী যোগ দেন। এ সময় ফুয়াদ সাকী দলটির যুগ্ম মহাসচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। সভা শেষে নতুন সদস্যদের স্বাগত জানিয়ে দলীয় নেতারা দেশপ্রেম, নৈতিকতা, সামরিক প্রশিক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন।
