পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযানে যাওয়া পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক সাব্বির শেখ (৩৫)।

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে সাব্বির শেখের বাড়িতে বহিরাগতদের নিয়ে গোপনে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ অভিযান চালায়।

অভিযানের সময় পুলিশ সাব্বির শেখকে আটক করে এবং তার হাতে দুটি হ্যান্ডকাফ পরায়। এ সময় তার অনুসারীরা পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে সাব্বির শেখকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে হট্টগোলের সৃষ্টি হলে আশপাশের শাহিন, আবজল, ইমন, কামরুল, নাসির, পুষ্প, বাচ্চুর স্ত্রীসহ প্রায় শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

এতে উপপরিদর্শক (এসআই) রাজ্জাক গুরুতর আহত হন। হামলার সুযোগে সাব্বির শেখ দুটি হ্যান্ডকাফসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান এবং শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়াসহ অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়।

এ বিষয়ে জানতে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ত থাকার কথা জানিয়ে ফোন কেটে দেন। পরবর্তীতে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। একইভাবে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights