ব্রাজিলকে ২৮ বছর আগের দুঃস্বপ্ন মনে করিয়ে নরওয়ের বার্তা

স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ। ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে নরওয়ে ও আইভরি কোস্ট। এই ম্যাচের বিজয়ী দলই শেষ ষোলোয় লড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে।

এর আগে জাপানকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করে নকআউট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। ফলে শেষ ষোলোয় এখন প্রতিপক্ষের অপেক্ষায় রয়েছে সেলেসাওরা।

নরওয়ে-আইভরি কোস্ট ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধান কোচ স্টেল সোলবাকেনের কাছে সম্ভাব্য ব্রাজিল ম্যাচ নিয়ে প্রশ্ন করা হয়। তবে তিনি জানান, দলের পুরো মনোযোগ এখন শুধুই আইভরি কোস্টকে হারানোর দিকে।

সোলবাকেন বলেন,‘আমরা এখনই পরবর্তী প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। সেটার সময় এখনও আসেনি। আমাদের পুরো মনোযোগ আগামী ম্যাচ জিতে মাঠ ছাড়ার দিকে।’

তবে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ইতিহাস যে বিশেষ তা অস্বীকার করেননি এই কোচ। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল নরওয়ে। ম্যাচের ৮৩তম মিনিটে সমতায় ফেরার পর ৮৯তম মিনিটে তোরে আন্দ্রে ফ্লোর পেনাল্টি থেকে করা গোলে অবিস্মরণীয় জয় তুলে নিয়েছিল ইউরোপের দলটি।

সেই স্মৃতির প্রসঙ্গে সোলবাকেন বলেন,‘ফুটবলার এবং কোচ সবার জন্যই ওই ম্যাচটি গুরুত্বপূর্ণ স্মৃতি। স্বাভাবিকভাবেই আমারও সেই ম্যাচের কথা মনে আছে। তবে আমরা এখানে এসেছি অতীতের ইতিহাসে আটকে থাকতে নয়, নতুন ইতিহাস গড়তে।’

বর্তমান নরওয়ে দলে ২৬ জনের মধ্যে মাত্র নয়জন ফুটবলারের জন্ম হয়েছিল ১৯৯৮ সালের সেই ঐতিহাসিক জয়ের সময়। ফলে অতীতের সেই সাফল্য এখন কেবল অনুপ্রেরণার অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights