নরওয়ের মুখোমুখি হতে প্রস্তুত আইভরি কোস্ট

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে নরওয়ে ও আইভরি কোস্ট। আর্লিং হলান্ড ও মার্টিন ওদেগোরের মতো তারকাদের নিয়ে গড়া ইউরোপের অন্যতম সুশৃঙ্খল দল নরওয়েকে সমীহ করলেও, নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন আইভরি কোস্টের কোচ আইমার্স ফাই। ডালাসে মাঠের লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষের প্রশংসার পাশাপাশি নিজেদের শারীরিক শক্তি ও নিয়ন্ত্রিত ফুটবল খেলার কৌশলে জয় তুলে নিতে দারুণ আত্মবিশ্বাসী আফ্রিকান পরাশক্তিরা।

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরে দুর্দান্ত পথচলা শুরু করেছে নরওয়ে। প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নিয়েই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলে দলটি। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ ব্যবধানে বড় হার দেখতে হয়েছে তাদের, তবে সেই ম্যাচে প্রথম একাদশের দশজন নিয়মিত খেলোয়াড়কেই বিশ্রামে রেখেছিলেন নরওয়েজিয়ান কোচ স্তল সুলবাকেন। অন্যদিকে কম যায়নি আইভরি কোস্টও। ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়ে আসর শুরুর পর জার্মানির কাছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ২-১ ব্যবধানে হারলেও শেষ ম্যাচে কুরাসাওকে উড়িয়ে দিয়ে শেষ বত্রিশের টিকিট কাটে তারা।

আইভরি কোস্টের কোচ আইমার্স ফাই প্রতিপক্ষ নরওয়েকে অত্যন্ত কার্যকর ও বাস্তববাদী দল হিসেবে আখ্যা দিয়েছেন। তার মতে, গোল করার জন্য হালান্ডদের খুব বেশি সুযোগের প্রয়োজন হয় না, সুযোগ পেলেই তারা পোস্টের সামনে নিখুঁত নিশানাভেদ করতে পারেন। বিশেষ করে আসরে ইতিমধ্যেই জোড়া গোল করা ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে স্তুতির জোয়ারে ভাসিয়েছেন তিনি। ফাই মনে করেন, হালান্ড এমন একজন বিশেষ খেলোয়াড় যিনি যেকোনো মুহূর্তে যেকোনো উপায়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে প্রতিপক্ষের শক্তিমত্তা জানা সত্ত্বেও নিজেদের গতি ও শারীরিক শক্তি খাটিয়ে ম্যাচ নিয়ন্ত্রণের মাধ্যমে জয় ছিনিয়ে নিতে পুরোপুরি প্রস্তুত আইভরি কোস্টের ফুটবলাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights