অনুশীলনে সালাহ, স্বস্তিতে মিশর

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামার আগে বড় ধরনের সুখবর পেয়েছে মিশর ফুটবল দল। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে অবশেষে অনুশীলনে ফিরেছেন দলটির প্রধান তারকা ও অধিনায়ক মোহামেদ সালাহ।

মঙ্গলবার তিনি দলের সঙ্গে আংশিকভাবে অনুশীলনে অংশ নিয়েছেন। এর ফলে আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে এই ফরোয়ার্ডের খেলার সম্ভাবনা আরও জোরালো হলো।

গ্রুপপর্বের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে মিশর। তবে সেই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন সালাহ। এরপর থেকেই নকআউট পর্বে তার খেলা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্পোকেনে অনুশীলন মাঠে তার হাস্যোজ্জ্বল প্রত্যাবর্তন সেই শঙ্কা অনেকটাই দূর করেছে। মিশর ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যমে সালাহর অনুশীলনের কিছু ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, ‘দ্য কিং ইজ ব্যাক’ অর্থাৎ, ‘রাজা ফিরে এসেছেন’।

৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ ফরোয়ার্ড চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছেন। গ্রুপপর্বের তিন ম্যাচ মিলিয়ে নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। মূলত তার দূরদর্শী নেতৃত্ব ও মাঠের পারফরম্যান্সের ওপর ভর করেই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মিশর। আক্রমণভাগে সালাহ সুস্থ হয়ে ফেরায় পুরো দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। গ্রুপপর্বে পাঁচ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে বেলজিয়ামের পিছনে থেকে দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করে উত্তর আফ্রিকার দেশটি। আগামী ৩ জুলাই ডালাসে শেষ ষোলোর ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights