টাইব্রেকারের জন্যও প্রস্তুত ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
নকআউট পর্বের উত্তেজনায় এবারও বড় ভূমিকা রাখতে পারে টাইব্রেকার। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুইটি ম্যাচের ফলাফল নির্ধারণ হয়েছে পেনাল্টি শুটআউটে। সেই বাস্তবতা মাথায় রেখে নকআউটের আগে সম্পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল।
শেষ ষোলোয় ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নামার আগে টাইব্রেকার প্রস্তুতি নিয়েই বেশি আলোচনা চলছে ইংল্যান্ড শিবিরে। বুধবার রাত ১০টায় শুরু হবে এই ম্যাচ।
টাইব্রেকারে জার্মানি ও নেদারল্যান্ডসের বিদায়ের পর দলগুলো আরও সতর্ক হয়ে উঠলেও ইংল্যান্ড নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না বলে জানিয়েছেন টুখেল। তিনি স্পষ্ট করেন, সাবেক কোচ গ্যারেথ সাউথগেটের তৈরি করা কাঠামোই অনুসরণ করছে বর্তমান দল।
২০১৬ সালে সাউথগেট দায়িত্ব নেওয়ার আগে টাইব্রেকারে ইংল্যান্ডের রেকর্ড ছিল হতাশাজনক। সাতটি শুটআউটের মধ্যে জয় মাত্র একটিতে। তবে সাউথগেটের সময় সেই চিত্র বদলে যায়। তার অধীনে চারটি শুটআউটের মধ্যে তিনটিতে জয় পায় ইংল্যান্ড।
টুখেল বলেন,‘বহু বছর ধরে এফএ-র একটি নির্দিষ্ট কর্মসূচি রয়েছে, আমরা সেটাই অনুসরণ করছি। আমাদের একটি প্রক্রিয়া আছে, খেলোয়াড়দেরও নির্দিষ্ট প্রক্রিয়া দেওয়া হয়েছে।’
তবে টাইব্রেকারকে পুরোপুরি নিয়ন্ত্রণযোগ্য পরিস্থিতি হিসেবে দেখা কঠিন বলেও মনে করেন ইংলিশ কোচ। তিনি বলেন,‘এ ধরনের মুহূর্ত কৃত্রিমভাবে তৈরি করা কঠিন। চাপের সেই পরিবেশ অনুশীলনে পুরোপুরি আনা যায় না।’
