প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

অনলাইন ডেস্ক

চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী ৯ জুলাই প্রকাশ করা হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। পরীক্ষা শেষ হওয়ার প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থী ও অভিভাবকরা এখনও ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সম্ভাব্য ফল প্রকাশের তারিখ হিসেবে ৯ জুলাই নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কোনো অনাকাঙ্ক্ষিত জটিলতা না হলে ওই দিনই ফল প্রকাশ করা হবে।

এর আগে গত রবিবার (২৮ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) এ. এস. এম. সিরাজুদ্দোহা জানিয়েছিলেন, জুনের শেষ সপ্তাহে ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ফল প্রস্তুতের কাজ চলমান রয়েছে এবং জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫ লাখ ৫০ হাজার এবং বেসরকারি বিদ্যালয়ের প্রায় ৯০ হাজার শিক্ষার্থী রয়েছে।

বৃত্তি পাবে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে-

মেধাবৃত্তি (ট্যালেন্টপুল): ৩৩ হাজার
সরকারি বিদ্যালয়: ২৭ হাজার ৫০০
বেসরকারি বিদ্যালয়: ৫ হাজার ৫০০
সাধারণ বৃত্তি: ৪৯ হাজার ৫০০
সরকারি বিদ্যালয়: ৪১ হাজার ২৫০
বেসরকারি বিদ্যালয়: ৮ হাজার ২৫০
যেভাবে নির্বাচন হবে

নীতিমালা অনুযায়ী, বৃত্তি দেওয়া হবে দুটি ক্যাটাগরিতে- ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি। উভয় ক্যাটাগরিতেই ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীর জন্য কোটা সংরক্ষিত থাকবে।

ট্যালেন্টপুল বৃত্তি উপজেলা বা থানাভিত্তিক মেধাক্রম অনুযায়ী এবং সাধারণ বৃত্তি ইউনিয়ন বা ওয়ার্ডভিত্তিক মেধার ভিত্তিতে নির্ধারণ করা হবে।

কত টাকা পাবেন বৃত্তিপ্রাপ্তরা?

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা ভাতা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ২২৫ টাকা ভাতা পাবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী বছর থেকে বৃত্তির অর্থ বাড়ানোর বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights