শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল হক, সম্পাদক মাহফুজ আলম

গাজীপুর প্রতিনিধি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর শিক্ষক সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাহফুজ আলম নির্বাচিত হয়েছেন।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এ তথ্য জানানো হয়। একই দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

১৩ সদস্যের কমিটির অন্য নির্বাচিতরা হলেন—সহসভাপতি পদে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, যুগ্ম সম্পাদক পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ পদে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তৌহিদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হাসান, ক্রীড়া সম্পাদক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সানজিদ-ই-ইলাহী, দপ্তর সম্পাদক পদে ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টের সহকারী অধ্যাপক আকরামুল হক, প্রচার সম্পাদক পদে একই বিভাগের প্রভাষক মো. সাকিব সালিম এবং মহিলা সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে ফাওজিয়া রহিম।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফোরকান সরকার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা বলেন, শিক্ষক সমিতির কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights