১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে ১১ বছর বয়সী এক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর চালানো পিকআপ ভ্যানের ধাক্কায় অন্তত ৮ জন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। তাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সকালে মুয়াং জেলার না সি নুয়ান গ্রামের একটি সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ৩৪ জন বৌদ্ধ ভিক্ষুর একটি দল ধর্মীয় পদযাত্রার অংশ হিসেবে ডন তান জেলার দিকে হেঁটে যাচ্ছিলেন। বেলা পৌনে ১২টার দিকে দ্রুতগতির একটি ইসুজু পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।

এতে ঘটনাস্থলেই ৫ জন ভিক্ষু নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় মুকদাহান হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, পিকআপ ভ্যানটির চালক ছিল ১১ বছর বয়সী এক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। বাবার অগোচরে গাড়ির চাবি নিয়ে সে একাই ডন তান জেলা থেকে মুয়াং জেলার দিকে গাড়ি চালিয়ে আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক দিয়ে হেঁটে যাওয়া ভিক্ষুদের দলের ওপর উঠে যায়।

দুর্ঘটনার পর সড়কে রক্তাক্ত অবস্থায় ভিক্ষুদের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। পরে শিশুটিকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য মুয়াং জেলা পুলিশ স্টেশনে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। পুরো ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।

সূত্র: ব্যাংকক পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights