মাদকের নেশা ছাড়তে টানা তিন দিন কারাগারে যাওয়ার আবেদন, ৫ মাসের সাজা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকের নেশা থেকে মুক্তি পেতে এক ব্যক্তি নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে কারাগারে পাঠানোর আবেদন করেছেন। টানা তিন দিন একই আবেদন নিয়ে ইউএনও কার্যালয়ে যাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (১ জুলাই) বিকেলে দণ্ডপ্রাপ্ত জহুরুল ইসলামকে (৫০) রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তিনি গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের বাসিন্দা। আদালত তাকে ১০০ টাকা জরিমানাও করেন। জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, কয়েক দিন আগে জহুরুল ইসলাম নিজেই ইউএনও কার্যালয়ে গিয়ে জানান- তিনি আর মাদক সেবন করতে চান না। কিন্তু কোনোভাবেই নেশা ছাড়তে পারছেন না। তাই তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর অনুরোধ করেন।

পুলিশ জানায়, এর আগেও একটি মাদক মামলায় ছয় মাস কারাভোগ করেছিলেন জহুরুল ইসলাম। তবে কারামুক্তির পরও তিনি নেশা ছাড়তে পারেননি। এবার নিজের ইচ্ছাতেই কারাগারে গিয়ে মাদকের আসক্তি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights