আলভারেজকে বার্সেলোনায় চান ইয়ামাল, দিলেন খোলামেলা বার্তা

অনলাইন ডেস্ক

স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামাল প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে বার্সেলোনার জার্সিতে দেখতে চান তিনি। শুধু দলে চাওয়ার কথাই নয়, সুযোগ পেলে বার্সেলোনায় যোগ দেওয়ার পরামর্শও দিয়েছেন এই তরুণ উইঙ্গার।

স্প্যানিশ রেডিও ‘কাদেনা সের’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, আলভারেজ অসাধারণ মানের একজন ফুটবলার। তিনি বার্সেলোনায় এলে তাকে আন্তরিকভাবেই স্বাগত জানানো হবে। নিজের অবস্থান থেকে ভাবলে তিনিও বার্সেলোনাকেই বেছে নিতেন বলে মন্তব্য করেন ইয়ামাল। একইসঙ্গে আলভারেজের উদ্দেশে তিনি বার্তা দেন, ‘যদি আসতে চাও, চলে এসো। আমরা অপেক্ষা করছি।’

সম্প্রতি আতলেতিকো মাদ্রিদ ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন আলভারেজ। যদিও সম্ভাব্য নতুন গন্তব্য নিয়ে তিনি কিছু বলেননি। তবে স্পেনের একাধিক সংবাদমাধ্যমের দাবি, বার্সেলোনায় খেলতে আগ্রহী এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

অবশ্য আলভারেজকে দলে টানার লড়াইয়ে বার্সেলোনা একা নয়। ইউরোপের কয়েকটি বড় ক্লাবও তাকে দলে নিতে আগ্রহী। এমনকি সংবাদমাধ্যমগুলোর দাবি, বিপুল অঙ্কের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ।

তবে বার্সেলোনার পক্ষ থেকে আলভারেজকে নিয়ে প্রকাশ্য আগ্রহ দেখানোয় বিরক্তি প্রকাশ করেছে আতলেতিকো। ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল আনহেল মারিন বলেছেন, অন্য ক্লাবের চুক্তিবদ্ধ খেলোয়াড়কে নিয়ে এভাবে প্রকাশ্যে মন্তব্য করা সম্মানজনক নয়।

এদিকে চোট কাটিয়ে বিশ্বকাপে ফিরেছেন মাত্র ১৮ বছর বয়সী ইয়ামাল। গ্রুপ পর্বে ধীরে ধীরে তাকে খেলানোর সিদ্ধান্ত নেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। নিজের শারীরিক অবস্থা নিয়ে ইয়ামাল বলেন, জাতীয় দলের ফুটবল ক্লাবের ফুটবলের চেয়ে আলাদা। চোটের পর কীভাবে ছন্দে ফিরতে হয়, সেটিও তিনি শিখছেন। এখন নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights