মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে লেখা একটি আবেগঘন চিঠি বদলে দিয়েছে আট বছরের মানু লিটভির জীবন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই চিঠির সুবাদে এবার পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ার সুযোগ পাচ্ছে ছোট্ট এই ফুটবলপ্রেমী।

আর্জেন্টিনার ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সের বয়সভিত্তিক দলে খেলেন মানু। একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে হাজির হন, যেখানে নিজের প্রিয় তারকা মেসির উদ্দেশে লেখা চিঠি পড়ে শোনান।

চিঠিতে মানু লিখেছিল, ‘প্রিয় লিও, আজ তোমার জন্মদিন। তাই তোমাকে জানাতে চাই, তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তোমাকে খেলতে দেখলে মনে হয় তুমি আর বল যেন এক হয়ে যাও। এটা সত্যিকারের জাদুর মতো। তবে তোমার খেলাই শুধু নয়, মানুষ হিসেবেও তুমি আমার কাছে অনুপ্রেরণা। তুমি সব সময় সতীর্থদের সাহায্য করো, কঠিন সময়েও কখনো হাল ছাড়ো না।’

মানুর এই আবেগঘন বার্তা অল্প সময়েই লাখো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এরপর আর্জেন্টিনা দলের এক বাণিজ্যিক অংশীদার প্রতিষ্ঠান তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
পরে একই অনুষ্ঠানে মানুর জন্য একটি চমক অপেক্ষা করছিল। উপস্থাপক তার উদ্দেশে একটি নতুন চিঠি পড়ে শোনান। সেখানে জানানো হয়, মানু আর একা স্বপ্ন দেখবে না। তাকে ও তার পুরো পরিবারকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ দেখার ব্যবস্থা করা হবে।

ফলে আর্জেন্টিনা ও কেপ ভার্দের শেষ বত্রিশের ম্যাচ গ্যালারিতে বসে দেখার সুযোগ পাচ্ছে আট বছরের এই খুদে। তার সবচেয়ে বড় আশা, এবার হয়তো সামনাসামনি দেখা হবে নিজের আদর্শ লিওনেল মেসির সঙ্গে।

চিঠিতে নিজের স্বপ্নের কথাও জানিয়েছিল মানু। সে লিখেছিল, সেও আর্জেন্টিনোস জুনিয়র্সে ফুটবল খেলে এবং একদিন পেশাদার ফুটবলার হতে চায়। প্রতিদিন ঘুমানোর আগে সে একই স্বপ্ন দেখে। তার বিশ্বাস, মেসির জীবনই প্রমাণ করে সবচেয়ে কঠিন স্বপ্নও একদিন সত্যি হতে পারে।

সেই স্বপ্নেরই প্রথম বড় অধ্যায় শুরু হতে যাচ্ছে এবার, যখন প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন জানাতে বিশ্বকাপের গ্যালারিতে উপস্থিত থাকবে ছোট্ট মানু।

সূত্র : ইনফোবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights