রোনালদো না মদ্রিচ, বিশ্বকাপে শেষ হাসি কে হাসবেন

অনলাইন ডেস্ক
বিশ্বকাপের নকআউট পর্বে এবার মুখোমুখি হচ্ছেন রিয়াল মাদ্রিদের সাবেক দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। একসময় ক্লাব ফুটবলে কাঁধে কাঁধ মিলিয়ে অসংখ্য শিরোপা জিতলেও এবার তারা প্রতিপক্ষ। শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় মাঠে নামবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া।

গ্রুপ পর্বে ‘কে’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে পর্তুগাল। এক জয় ও দুই ড্রয়ে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট। অন্যদিকে ‘এল’ গ্রুপে দুটি জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে ক্রোয়েশিয়া।

শক্তিমত্তা ও ফিফা র‌্যাঙ্কিংয়ে কিছুটা এগিয়ে রয়েছে পর্তুগাল। ১৭৬৪ দশমিক ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে অষ্টম স্থানে। ক্রোয়েশিয়ার অবস্থান ১৩ নম্বরে।

মুখোমুখি পরিসংখ্যানও পর্তুগালের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত দুই দল ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৭ ম্যাচ জিতেছে পর্তুগাল। ক্রোয়েশিয়ার জয় মাত্র একটি। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ১৮ নভেম্বর উয়েফা নেশনস লিগে দুই দলের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।

অপ্টা সুপারকম্পিউটারের পূর্বাভাসেও এগিয়ে রয়েছে পর্তুগাল। তাদের হিসাব অনুযায়ী, পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬ দশমিক ৭ শতাংশ। ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা ১৯ দশমিক ৬ শতাংশ। একই সম্ভাবনা রয়েছে নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি ড্র হওয়ারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights