ভুলের কোনো সুযোগ নেই: কার্লোস কুইরোজ

অনলাইন ডেস্ক

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর নকআউট পর্বে কানসাস সিটিতে মুখোমুখি হবে ঘানা ও কলম্বিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে ঘানার কোচ কার্লোস কুইরোজ বলেছেন, নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। জয় পেতে হলে পুরো ৯০ মিনিটই নিখুঁত ফুটবল খেলতে হবে তার দলকে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কুইরোজ বলেন, নকআউট পর্বের চাপকে তিনি কোনো বোঝা হিসেবে দেখছেন না; বরং এটিকে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ হিসেবে দেখছেন। তার ভাষ্যে, এটি এমন একটি লড়াই যেখানে ‘জিতলে সব, হারলে শূন্য’। তবে কঠিন এই চ্যালেঞ্জ মোকাবিলায় তার খেলোয়াড়রা সম্পূর্ণ প্রস্তুত বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।

কুইরোজ বলেন, ‘উভয় দলের জন্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। মাঠে ভিন্ন দুই ফুটবল দর্শনের দুটি শক্তিশালী দলের লড়াই দেখতে দারুণ লাগবে। দুই দলই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে, পাশাপাশি দর্শকদেরও উপভোগ্য ফুটবল উপহার দিতে চাইবে। অবশ্যই, সবাই নিজের দেশের জন্য সেরা ফল নিয়েই মাঠ ছাড়তে চায়। আমি আশা করি, সঠিক মানসিকতা ও অনুপ্রেরণা নিয়ে আমরা প্রতিপক্ষের চেয়ে ভালো খেলব এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারব।’

প্রতিপক্ষ কলম্বিয়াকে নিয়ে কুইরোজ বলেন, দলটি সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। তবে অতীত নয়, বর্তমান কলম্বিয়াকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।

ঘানার এই কোচ বলেন, ‘এটা সত্যি যে আমি কলম্বিয়া দল এবং তাদের খেলোয়াড়দের খুব ভালো করেই চিনি। কিন্তু আমাদের দায়িত্ব হলো বর্তমান কলম্বিয়াকে নিয়ে পরিকল্পনা করা, অতীতের দলকে নয়। তাদের শক্তি সম্পর্কে আমরা সচেতন। একই সঙ্গে আমাদের দলেও অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমাদের স্কোয়াড শক্তিশালী এবং খেলোয়াড়দের সংকল্পও দৃঢ়। তাই আমাদের লক্ষ্য হবে নিজেদের শক্তিকে কাজে লাগিয়ে কলম্বিয়ার দুর্বল জায়গাগুলোকে আক্রমণ করা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights