নাগেলসমানের বিদায়ে জার্মানির নজর ক্লপের দিকে

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানির প্রধান কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসমান। দেশটির ফুটবল ফেডারেশন (ডিএফবি) শুক্রবার এক বিবৃতিতে জানায়, উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে তার চুক্তি তাৎক্ষণিকভাবে শেষ করা হয়েছে। এরপরই নতুন কোচ হিসেবে য়ুর্গেন ক্লপকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিশ্বকাপের শেষ ৩২-এ প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। টানা তৃতীয় বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর থেকেই নাগেলসমানের ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছিল।

ডিএফবির সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ নাগেলসমানের অবদানের প্রশংসা করে বলেন, দায়িত্ব পালনকালে তিনি নিষ্ঠা, উচ্চাকাঙ্ক্ষা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। ক্রীড়া পরিচালক রুডি ফোলারও তাকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

বিদায়ী বার্তায় নাগেলসমান বলেন, এই সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ ছিল না। দলের স্বার্থকেই তিনি সবসময় প্রাধান্য দিয়েছেন। বিশ্বকাপে ব্যর্থতায় সমর্থকদের হতাশ করার জন্যও দুঃখ প্রকাশ করেন তিনি।

এদিকে নাগেলসমানের উত্তরসূরি হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন য়ুর্গেন ক্লপ। ডিএফবি জানিয়েছে, দায়িত্ব নেওয়ার বিষয়ে তিনি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং শিগগিরই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।

লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর ক্লাব কোচিং থেকে বিরত ছিলেন ক্লপ। বর্তমানে তিনি রেড বুলের বৈশ্বিক ফুটবল কার্যক্রমের প্রধান হিসেবে কাজ করছেন। তবে জার্মান গণমাধ্যমের দাবি, জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সুযোগ এলে রেড বুল ছাড়ার বিষয়ে তার মৌখিক সমঝোতা রয়েছে।

জার্মান জাতীয় দলের কোচ পরিবর্তনের বিষয়টি দেশটির রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় এসেছে। চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের মুখপাত্র নাগেলসমানের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং জাতীয় দলের প্রতি তার কাজের প্রশংসা করেছেন।

সূত্র : গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights