কেপ ভার্দের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

অনলাইন ডেস্ক

কেপ ভার্দের বিপক্ষে চলতি বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে গোল করে আরও একটি অনন্য কীর্তি গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০-এ, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল রেকর্ডও গড়েছেন তিনি।

এই গোলের সুবাদে বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা সবচেয়ে বেশি বয়সী দক্ষিণ আমেরিকান ফুটবলারও হয়েছেন মেসি। ৩৯ বছর ৯ দিন বয়সে গোল করে তিনি ভেঙেছেন উরুগুয়ের ওবদুলিও ভারেলার রেকর্ড। ভারেলা ১৯৫৪ বিশ্বকাপে ৩৬ বছর বয়সে এই কীর্তি গড়েছিলেন।

চলতি বিশ্বকাপে এটি মেসির সপ্তম গোল। ফলে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আরও এগিয়ে গেলেন। বর্তমানে তার গোলসংখ্যা ২০। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের গোল ১৮টি এবং তৃতীয় স্থানে থাকা জার্মানির মিরোস্লাভ ক্লোসের গোল ১৬টি।

বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা

লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ২০ গোল (৩০ ম্যাচ)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) — ১৮ গোল (১৮ ম্যাচ)
মিরোস্লাভ ক্লোসে (জার্মানি) — ১৬ গোল (২৪ ম্যাচ)
রোনালদো নাজারিও (ব্রাজিল) — ১৫ গোল (১৯ ম্যাচ)
গার্ড মুলার (জার্মানি) — ১৪ গোল (১৩ ম্যাচ)
জুস্ত ফন্টেইন (ফ্রান্স) — ১৩ গোল (৬ ম্যাচ)
পেলে (ব্রাজিল) — ১২ গোল (১৪ ম্যাচ)

চলতি আসরের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। এরপর অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষেও গোল করেন তিনি। কেপ ভার্দের বিপক্ষে গোল করে টুর্নামেন্টে নিজের দুর্দান্ত গোল করার ধারাবাহিকতা বজায় রাখলেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির টানা আট বিশ্বকাপ ম্যাচে গোল করার যাত্রা শুরু হয় ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করেন তিনি। ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান এবং সর্বশেষ কেপ ভার্দের বিপক্ষেও গোল করে বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights