ফ্রান্সকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন প্যারাগুয়ের সাবেক গোলরক্ষক চিলাভার্ত

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে বিতর্কের জন্ম দিলেন প্যারাগুয়ের কিংবদন্তি সাবেক গোলরক্ষক হোসে লুইস চিলাভার্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে তিনি দাবি করেন, এবার প্যারাগুয়ে ফ্রান্সের নয়, বরং ‘আফ্রিকার একটি দলের’ বিপক্ষে খেলতে যাচ্ছে।

৬০ বছর বয়সী চিলাভার্ত নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সাবেক ফরাসি ফুটবলার ক্রিস্তফ দ্যুগারির একটি মন্তব্যের ছবি প্রকাশ করেন। সেখানে দ্যুগারি বলেছেন বলে দাবি করা হয়, শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের কাছে প্যারাগুয়ে বড় ব্যবধানে হারবে।

এর জবাব দিতে গিয়েই বিতর্কিত মন্তব্য করেন চিলাভার্ত। তিনি লেখেন, ‘ক্রিস্তফ, তুমি ঠিকই বলেছ। ১৯৯৮ সালে আমরা ফ্রান্সের বিপক্ষে খেলেছিলাম। আর এবার প্যারাগুয়ে খেলবে আফ্রিকার একটি দলের বিপক্ষে।’

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নতুন বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে এমন মন্তব্য ফুটবল অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

চিলাভার্ত যার কথা উল্লেখ করেছেন, সেই ক্রিস্তফ দ্যুগারি ছিলেন ১৯৯৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের একজন সদস্য। ওই আসরের শেষ ষোলোর ম্যাচেই প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য সমতার পর অতিরিক্ত সময়ে একমাত্র গোল করে ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালে তুলেছিল স্বাগতিকরা।

সেই ম্যাচে প্যারাগুয়ের গোলপোস্ট সামলেছিলেন চিলাভার্ত। দীর্ঘ সময় দুর্দান্ত রক্ষণ গড়ে তুললেও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের গোলে বিদায় নিতে হয় তাদের। প্রায় তিন দশক পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে দুই দল।

এবারের বিশ্বকাপে প্যারাগুয়ে শেষ বত্রিশের ম্যাচে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। অন্যদিকে ফ্রান্স সুইডেনকে হারিয়ে শেষ আটে ওঠার লড়াইয়ে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে। ম্যাচের আগে চিলাভার্তের এই মন্তব্য দুই দলের লড়াইয়ে মাঠের বাইরেও আলাদা উত্তেজনা তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights