মেক্সিকোর বিপক্ষে জিততে ‘গেম ম্যানেজমেন্ট’ জোর দিলেন র্যাশফোর্ড
অনলাইন ডেস্ক
বিশ্বকাপে শেষ ষোলোর মহারণে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। আবহাওয়া আর হাই-ভোল্টেজ ড্রামার চাদরে মোড়ানো এই ম্যাচটির সময়সূচির পরিবর্তন নিয়ে নাটক কম হয়নি। মেক্সিকো সিটির উচ্চতাজনিত শারীরিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনে ফুটবলাররা প্রেসক্রিপশন ওষুধ ভায়াগ্রা (সিলডেনাফিল) ব্যবহার করতে পারবেন।
তবে হাইভোল্টেজ এই ম্যাচটি ঘিরে বিশেষ পরিকল্পনার কথা জানালেন ইংলিশ ফরোয়ার্ড তারকা মার্কাস র্যাশফোর্ড। এ ম্যাচে ইংল্যান্ডের ‘গেম ম্যানেজমেন্ট’ দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেন তিনি।
রাউন্ড অব ৩২-এ ডিআর কঙ্গোর বিপক্ষে হ্যারি কেইনের জোড়া গোলে জয় পায় থমাস টুখেলের দল। এরপর ‘থ্রি লায়ন্সদের এখন পাড়ি জমাতে হবে কঠিন এক যাত্রায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,২০০ মিটার উঁচুতে অবস্থিত এস্তাদিও আজতেকায় স্বাগতিকদের মেক্সিকোর মোকাবিলা করতে হবে।
আজতেকায় মেক্সিকো কখনোই কোনো বিশ্বকাপ ম্যাচ হারেনি। এ ভেন্যুতে ৮ জয়, ২ ড্র পেয়েছে তারা। এমনবি টানা ছয় ম্যাচ জেতার রেকর্ড রয়েছে এডসন আলভারেজদের। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি এ মাঠে তাদের ১১ তম ম্যাচ হবে।
র্যাশফোর্ড ভালোভাবেই জানেন, প্রতিকূল পরিবেশে টিকে থেকে পরবর্তী ধাপে যেতে হলে টমাস টুখেলের শিষ্যদের নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে।
র্যাশফোর্ড বলেন, ম্যাচটি কঠিন হতে যাচ্ছে। বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। বিভিন্ন দল আমাদের সামনে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসে। উচ্চতা বা অ্যাল্টিটিউড অবশ্যই একটি বিবেচ্য বিষয়, তবে এটি নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। আমরা সবাই অভিজ্ঞ খেলোয়াড়। আমাদের কেবল ম্যাচটি সঠিকভাবে পরিচালনা করতে হবে।
