সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত

অনলাইন ডেস্ক
আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালী বহুপার্শ্বিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর এমপিও (মান্থলি পে অর্ডার বা বেতন-ভাতার সরকারি অংশ) স্থগিত করা হয়েছে।

আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভিডিওতে ওই প্রধান শিক্ষককে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ ও অসংলগ্ন কথা বলতে দেখা যায়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

পরবর্তীতে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তদন্ত ও পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তার এমপিওও স্থগিত রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আপত্তিকর, অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী। এতে শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখতে এ ধরনের আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights