দেশের কয়েকটি অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা
অনলাইন ডেস্ক
দেশের ৮ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
শনিবার বিকাল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কাও রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
