হামলার ক্ষত কাটিয়ে চার মাস পর চালু হলো ইরানের বিমানবন্দর

অনলাইন ডেস্ক

মার্কিন ও ইসরায়েলি ভয়াবহ হামলার ক্ষত কাটিয়ে চার মাস পর আবার চালু হলো ইরানের বন্দর আব্বাস আন্তর্জাতিক বিমানবন্দর। প্রিয় নেতাকে হারিয়ে যখন পুরো ইরান কাঁদছে, ঠিক তখনই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর এমন আশার খবর পেলেন দেশটির মানুষ।

শনিবার বিকালে মাশহাদ শহর থেকে প্রথম যাত্রীবাহী বিমান এই বিমানবন্দরে এসে নামে। ইরানের ফারস নিউজ এজেন্সি এই খবর জানিয়েছে। তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত বন্দর আব্বাস শহরটি হরমুজগান প্রদেশের রাজধানী।

মার্কিন-ইসরায়েলি বোমার আঘাতে বিমানবন্দরটির ব্যাপক ক্ষতি হয়েছিল। তাই এটি মেরামতের জন্য টানা চার মাস বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এখান থেকে তেহরান, শিরাজ এবং ইয়াজদ শহরেও ধীরে ধীরে বিমান চলাচল শুরু হবে।

বিমানবন্দর যখন নতুন করে খুলছে, তখন দেশটিতে চলছে গভীর শোক। রোববার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে রেকর্ডসংখ্যক মানুষ অংশ নেন। গত ২৮ ফেব্রুয়ারি ওই একই মার্কিন-ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। জানাজায় ইমামতি করেন শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি।

সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র কোম শহরে শোকমিছিল হয়। এরপর তার মরদেহ ইরাকের নজফ ও কারবালায় নেওয়া হবে। সবশেষে বৃহস্পতিবার দাফনের জন্য মরদেহ ইরানের মাশহাদ শহরে ফিরিয়ে আনা হবে।

আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর পর ছেলে মোজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হয়েছেন। তবে তিনি এখনো প্রকাশ্যে আসেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights