যুক্তরাষ্ট্রে শিশুর ওপর কুকুরের ভয়াবহ আক্রমণ
অনলাইন ডেস্ক
বাড়ির বাইরে আপন মনে খেলছিল সাত বছরের এক শিশু। হঠাৎ একদল কুকুর তার ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে কুকুরগুলো শিশুটির মাথার চামড়া ছিঁড়ে নেয়! যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় এই ভয়াবহ ঘটনা ঘটেছে।
শিশুটির নাম প্যাট্রিসিয়া এডমিস্টন। গত ২৭ জুন দুপুরে কর্নিং শহরে সে এই আক্রমণের শিকার হয়। কুকুরের দল তার পা এবং সারা শরীর ক্ষতবিক্ষত করে দেয়।
গুরুতর আহত প্যাট্রিসিয়াকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় পরে তাকে হেলিকপ্টারে করে ১০০ মাইল দূরের ইউসি ডেভিস মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে কয়েকদিন মৃত্যুর সাথে লড়ে গত ৩০ জুন সে বাড়িতে ফিরেছে।
তার দাদি মনিকা এডমিস্টন জানান, কুকুরগুলো প্যাট্রিসিয়ার মাথার চামড়া পুরোপুরি ছিঁড়ে নিয়েছিল। তবে প্যাট্রিসিয়া খুব সাহসী মেয়ে। তার এই ঘুরে দাঁড়ানোর লড়াই সবাইকে মুগ্ধ করেছে।
ভুক্তভোগী শিশুটির পরিবারের যাতায়াত ও খাওয়ার খরচের জন্য অনলাইনে একটি ফান্ড খোলা হয়েছিল। সেখানে লক্ষ্য ছিল ৩ হাজার ডলার তোলার। কিন্তু মানুষ ভালোবেসে ৪ হাজার ১০০ ডলার সাহায্য করেছে।
এদিকে, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। হামলায় জড়িত সন্দেহে এরই মধ্যে ছয়টি কুকুরকে আটক করে প্রাণী আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে কুকুরগুলো কোন জাতের, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
