প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

বাসস
প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কিংবা পরীক্ষার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

আজ সোমবার রাজধানীর সিদ্ধেশরী গার্লস কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপপ্রচারে কেউ যেন কান না দেন এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করেন।

ফরিদা খানম আরও বলেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য সব ধরনের সহায়তা নিশ্চিত করা হয়েছে। অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে তিনি পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights