রাজধানীতে হানিট্র্যাপে বাসায় ডেকে আপত্তিকর ভিডিও, গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক

ব্যবসায়ী ও চাকরিজীবীদের টার্গেট করে হানিট্র্যাপের মাধ্যমে বাসায় ডেকে নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণের উপপুলিশ কমিশনার তরিকুল ইসলাম।

পুলিশের এ কর্মকর্তা জানান, কখনো সরাসরি কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। প্রেমের ফাঁদে ফেলে ডেকে নেওয়া হয় ফ্ল্যাটে। ধারণ করা হয় আপত্তিকর ভিডিও। পরে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে আদায় করা হয় লাখ লাখ টাকা। তাদের টার্গেট মধ্য বয়স্ক ব্যবসায়ী এবং চাকরিজীবী।

তরিকুল ইসলাম জানান, গত ১৫ এপ্রিল বেসরকারি আর্থিক ঋণদানকারী প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার সঙ্গে রাজধানীর রামপুরা এলাকায় পরিচয় হয় এক নারীর। নিয়মিত যোগাযোগের মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার এক পর্যায়ে ওই কর্মকর্তাকে বাসায় আমন্ত্রণ জানানো হয়। ডেকে নিয়ে জোর করে ধারণ করা হয় আপত্তিকর ভিডিও। ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দাবি করা মোটা অংকের টাকা। ভুক্তভোগীর দায়ের করা মামলায় গত শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হানিট্রাপ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণ।

তিনি জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে অবৈধ এই কার্যকলাপ চালিয়ে আসছিল। চক্রটির টার্গেট মধ্য বয়স্ক ব্যবসায়ী ও চাকরিজীবী। একাধিক ব্যক্তিকে ব্ল্যাকমেইলিং করার তথ্য পাওয়া গেছে তাদের বিরুদ্ধে।

এই ধরনের ফাঁদ থেকে বাঁচতে সর্তক হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights