পঞ্চগড়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সমেম্মলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| পরে বিভিন্ন সদস্য ও সংগঠনের হাতে ঋণের চেক বিতরণ ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে যৌথভাবে পঞ্চগড় জেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শুকরিয়া পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ আবু সাইম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের ভিত্তি হচ্ছে গ্রামীণ উন্নয়ন। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে| সরকারের উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সমবায়ভিত্তিক কর্মকাণ্ড, সহজ শর্তে ঋণ প্রদান এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের বিকল্প নেই বলেও উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পঞ্চগড় জেলার উপপরিচালক এনামুল হক, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সমবায় সমিতির সদস্য, উপকারভোগী, সুধীজন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন| অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন চন্দ্র দাস।
