ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসালেন মেসি
অনলাইন ডেস্ক
এবারের বিশ্বকাপ যেন লিওনেল মেসির আরেকটি ইতিহাস লেখার মঞ্চ হয়ে উঠেছে। দলকে কোয়ার্টার ফাইনালে নেওয়ার পথে মাঠে নেমেই একের পর এক রেকর্ডের অর্জনের খাতা সমৃদ্ধ করছেন এই মহাতারকা। এর সঙ্গে অনাকাক্ষিত রেকর্ডও যুক্ত হয়েছে তার নামের পাশে।
নকআউট ম্যাচে গোল করার কৃতিত্ব
আটলান্টায় শেষ ষোলোর লড়াইয়ের ম্যাচে ৮৩ মিনিটের মাথায় অবিশ্বাস্য গোল করেন মেসি। বক্সের ভেতর জটলার মধ্যে থেকে নেওয়া তার শট প্রথমে শোবেইরের হাতে লাগে। এরপর বল গিয়ে জড়ায় জালে। এ গোলের মধ্যে দিয়ে নতুন ইতিহাস গড়েন ইন্টার মায়ামির এই তারকা। তিনি হলেন প্রথম ফুটবলার যিনি টানা ছয়টি বিশ্বকাপ নকআউট ম্যাচে গোল করার কৃতিত্ব অর্জন করলেন।
একই সঙ্গে শেষ মিসরের বিপক্ষে জয়ের ম্যাচে মেসি ‘ওপেন প্লে’ থেকে ৫টিরও বেশি গোলের সুযোগ তৈরি করেন এবং ৫টিরও বেশি সফল ড্রিবলিং সম্পন্ন করেন। এর আগে ১৯৮৬ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনার আরেক কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা এমন কৃতিত্ব দেখান। ৪০ বছর আগে সেই টুর্নামেন্টের ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে শিরোপা জিতেছিল ‘লা আলবিসেলেস্তে’রা।
ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন
মেসি ইতোমধ্যেই ভেঙে দিয়েছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ১৬ গোলের ক্লোসাকে পেছনে ফেলেন তিনি। এরপর জর্ডান, কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নিজের সংগ্রহকে নিয়ে গেছেন ২১-এ। এমনকি বিশ্বকাপের ইতিহাসে ‘অ্যাসিস্ট’ বা গোল করানোর ক্ষেত্রেও তিনি সবার চেয়ে এগিয়ে রয়েছে মেসি।
সালাহাদের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করার জন্য ক্রিস্টিয়ান রোমেরোকে বলের জোগান দিয়ে মেসি টুর্নামেন্টের ছয়টি আসর মিলিয়ে নিজের নবম অ্যাসিস্টটি পূর্ণ করলেন। এর ফলে তিনি অ্যাসিস্টের সংখ্যায় ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন এবং একই সঙ্গে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করানোর কৃতিত্ব অর্জনকারী প্রথম ফুটবলার হয়েছেন।
তিনটি পেনাল্টি মিস
বীরত্বপূর্ণ রেকর্ডের পাশাপাশি লজ্জার রেকর্ডের নাম রয়েছে মেসির। তিনিই ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি বিশ্বকাপের তিনটি আসরে পেনাল্টি মিস করেছেন। এখন পর্যন্ত মেসি ১৫০টি পেনাল্টি কিক নিয়েছেন। এর মধ্যে ৩৪টি মিস করেছেন এবং ১১৬টি থেকে গোল পেয়েছেন।
