হিপ্পো ইংলিশ অলিম্পিয়াডে এশিয়া সেরা গাজীপুরের সামিনা

গাজীপুর প্রতিনিধি

দ্বিতীয় শ্রেণিতেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে সামিনা নূর তাজ। হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডের এশিয়া পর্বে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুরের এই শিক্ষার্থী। তার সাফল্যে বিদ্যালয়, পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে নূরের শিক্ষাপ্রতিষ্ঠান আফজাউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ তাকে সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জামালপুরের মেস্তা গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে সামিনা নূর তাজ ২০২৩ সালের ১ জুন আফজাউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রাক-প্রাথমিক শাখার নার্সারিতে ভর্তি হয়। সে বিভিন্ন সময় শিক্ষামূলক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

বিশ্বব্যাপী অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডে অংশ নিতে তাজকে একাধিক বাছাই পর্ব অতিক্রম করতে হয়। গত ২৫ এপ্রিল ঢাকার স্মার্ট ইনোভেশন স্কুলে অনুষ্ঠিত প্রথম সিলেকশন রাউন্ডে সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর ২৩ মে নারায়ণগঞ্জের হেরিটেজ স্কুলে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করে। এরপর থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া মহাদেশীয় পর্বে অংশ নিয়ে প্রথমস্থান অর্জনের গৌরব অর্জন করে। এর মাধ্যমে সে বিশ্ব পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এশিয়া সেরা হওয়ার পর এবার বিশ্বমঞ্চের পালা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইতালিতে অনুষ্ঠিতব্য অলিম্পিয়াডের ‘ইউনিভার্সাল রাউন্ডে’ সামিনা নূর তাজ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেবে।

বিদ্যালয়ের চেয়ারম্যান মো. জালিল উদ্দিন বলেন, সামিনা নূর তাজের এ অর্জন শুধু প্রতিষ্ঠানের নয়, গাজীপুর তথা বাংলাদেশের জন্যও গর্বের বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights