কুমিল্লায় সড়ক দুর্ঘটনার জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলায় সড়ক দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঢাকাগামী যাত্রী ও দূরপাল্লার পরিবহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নূরীতলা এলাকায় একটি লরি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ দুর্ঘটনায় সিএনজির চালকসহ দুইজন নিহত এবং আরও একজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত লরি উদ্ধার করতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। এ সময় ঢাকামুখী লেন বন্ধ থাকায় যানজট দ্রুত তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে বুড়িচং উপজেলার ময়নামতি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
যানজটে আটকে পড়া সততা পরিবহনের যাত্রী শরীফুল ইসলাম বলেন, চান্দিনা বাসস্টেশন থেকে রাত ৮টার দিকে মাধাইয়া স্টেশনের উদ্দেশে রওনা দিলেও হাড়িখোলা পর্যন্ত মাত্র এক কিলোমিটার পথ অতিক্রম করতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। বিপরীত দিক থেকে আসা যানবাহন নিয়ম ভেঙে এক লেন ব্যবহার করায় যানজট আরও বেড়েছে বলে তিনি অভিযোগ করেন।
রাত ১০টা পর্যন্ত ধীরে ধীরে ঢাকামুখী যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার বলেন, দুর্ঘটনাকবলিত লরি উদ্ধার করতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। এ সময় ঢাকামুখী লেন বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে।
