বৈরী আবহাওয়া: বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস ব্যাহত

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

বৈরী আবহাওয়ায় টানা তিনদিন ধরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস ব্যাহত হচ্ছে। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় পণ্য বোঝাইয়ের জন্য লাইটার বহির্নোঙরে যেতে পারছে না। ফলে বহির্নোঙরে অবস্থানরত প্রায় অর্ধশত মাদার ভেসেল (সমুদ্রগামী বড় জাহাজ) থেকে পণ্য খালাস কার্যত বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জেটিতে অবস্থানরত জাহাজগুলোর জন্য সতর্কতা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বার্থিংয়ে থাকা জাহাজগুলোকে অতিরিক্ত দড়ি দিয়ে বেঁধে রাখতে বলা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে ইঞ্জিন চালু রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বন্দরের মেরিন বিভাগ এসব নির্দেশনা দেয়। জেটিতে বর্তমানে ১৪টি জাহাজ রয়েছে।

বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের মুখপাত্র পারভেজ আহমেদ জানান, সাগর উত্তাল হয়ে ওঠায় গত সোমবার থেকে বহির্নোঙরে লাইটার পাঠানোর মতো পরিস্থিতি নেই। যে কারণে মাদার ভেসেল থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। লাইটারগুলো কর্ণফুলী নদী, পতেঙ্গা এবং হাতিয়া উপকূলে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের চ্যানেলের গভীরতা কম হওয়ায় বড় আকারের মাদার ভেসেল জেটিতে ভিড়তে পারে না। তাই এসব জাহাজ বহির্নোঙরে অবস্থান করে। সেখান থেকে লাইটার জাহাজে খাদ্যশস্য, সিমেন্ট ক্লিংকার, সার, চিনি, লবণ এবং শিল্পকারখানার কাঁচামালসহ বিভিন্ন পণ্য দেশের বিভিন্ন গন্তব্যে পরিবহন করা হয়। বন্দরের মঙ্গলবারের তথ্য অনুযায়ী, বহির্নোঙরে ৫৫টি জাহাজ অবস্থান করছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights