লাচ্ছি ‌‌‘না খেয়েও’ প্রশংসা, সমালোচনার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী

শোবিজ ডেস্ক

ভারতের ঐতিহ্যবাহী ধর্মীয় নগরী কাশীতে গিয়ে স্থানীয় একটি দোকানের লাচ্ছি খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে চরম সমালোচনার শিকার হয়েছেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’ খ্যাত বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী।

একদল নেটিজেন দাবি করেছেন, প্রচারণার উদ্দেশ্যে তৈরি ওই ভিডিওর পেছনে সত্যতা নেই এবং অতিরিক্ত চিনি ও ফ্যাটের ভয়ে ক্যামেরার কাজ শেষ হতেই লাচ্ছি না খেয়ে চলে যান এই ফিটনেস সচেতন অভিনেত্রী।

এমন সমালোচনার মুখে চুপ থাকেননি ভাগ্যশ্রী। ট্রলকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে আরেকটি ভিডিওর পাশাপাশি একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটিকে সম্পূর্ণ ‘ভুয়া’ ও ‘অর্ধেক’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভাগ্যশ্রী। ট্রলকারীদের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুড়ে তিনি বলেন, আপনারা কি সেখানে উপস্থিত ছিলেন? ওই ভাইরাল হওয়া ক্লিপের কোথাও কি কেউ শুনেছেন বা রেকর্ড করতে পেরেছেন যে আমি লাচ্ছিটিকে অতিরিক্ত মিষ্টি বলেছি বা এটি খেতে অস্বীকৃতি জানিয়েছি? আপনাদের মা কি কখনো গরমে আপনাদের ভালোবেসে লাচ্ছি খাওয়াননি? আসলে অর্ধেক ভিডিও আর আধো জ্ঞান নিয়ে অনলাইনে কিছু আপলোড করাটাই হলো সবচেয়ে বড় ভুয়া কাজ।

নিজের সেই কাশীর অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে অভিনেত্রী জানান, ওই দিন ভোর ৩টা থেকে উঠে মঙ্গলা আরতি করা এবং তীব্র গরমে গঙ্গাবক্ষে হেঁটে বেড়ানোর পর শরীরকে চাঙা করতে এই ড্রাই ফ্রুটস দেওয়া লাচ্ছিটি তার জন্য একটি চমৎকার এনার্জি বুস্টার হিসেবে কাজ করেছিল। ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পানীয়টি তাকে দারুণ স্বস্তি দিয়েছিল। তিনি আরও স্পষ্ট করেন যে, মিষ্টি বা নোনতা লাচ্ছি খাওয়া সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয়। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য মিষ্টি লাচ্ছি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ, তবে দইয়ে থাকা ক্যালসিয়াম, প্রোটিন এবং প্রোবায়োটিকস স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।

কোনো ব্যক্তিগত স্বার্থ বা পারিশ্রমিকের জন্য নয়, বরং সম্পূর্ণ ভালোবাসার জায়গা থেকে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও ঐতিহ্যবাহী খাবারকে সমর্থন করতেই তিনি এই ভিডিওটি করেছিলেন বলে পোস্টে উল্লেখ করেন ভাগ্যশ্রী। তিনি অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলেন, এটি অত্যন্ত লজ্জাজনক যে কিছু অলস মানুষের মাথা থেকে সাধারণ একটি বিষয় নিয়েও ভালো কিছু বের হয় না। কাশী হলো একটি পবিত্র স্থান, সেখানে এমন তুচ্ছ বিষয় নিয়ে নেটিজেনদের এই চিৎকার খুবই অর্থহীন।

উল্লেখ্য, ভাগ্যশ্রীকে সর্বশেষ রিতেশ দেশমুখের চলচ্চিত্র ‘রাজা শিবাজী’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights