হরমুজের বিকল্প পথ হিসেবে সিরিয়াকে দেখছে ফ্রান্স
অনলাইন ডেস্ক
উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহনের জন্য নতুন পথের কথা ভাবছে ফ্রান্স। তারা হরমুজ প্রণালির বদলে সিরিয়াকে একটি বিকল্প পথ হিসেবে দেখছে।
সম্প্রতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও হামলা, পাল্টা হামলা শুরু হয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ঠিক রাখা খুব জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো ফরাসি টিভি নেটওয়ার্ক ‘টিএফওয়ান’-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি তেলের জন্য একাধিক ভিন্ন পথের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংকট শুরুর পর থেকে আমরা নানা রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে একটি প্রধান কাজ হলো বিকল্প পথ প্রস্তুত রাখা। যাতে কোনো একটি জায়গায় পথ বন্ধ হয়ে গেলে আমাদের এর ওপর নির্ভর করে বসে থাকতে না হয়।
কয়েকদিন আগেই সিরিয়া সফর করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন। সেখানে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারা’র সরকারের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে কথা বলেছেন।
