ওয়াশিংটন থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনছে জার্মানি
অনলাইন ডেস্ক
ইরানের সঙ্গে চলা উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে দূরপাল্লার ‘টমাহক’ ক্রুজ মিসাইল কিনছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ জানিয়েছেন, তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে এই চুক্তি সম্পন্ন হয়েছে।
এসব মিসাইল শত্রুপক্ষের ভূখণ্ডের গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলেও জানান তিনি। দুই দিনের সম্মেলন শেষে ফিরে পার্লামেন্টে দেওয়া বক্তব্যে মার্জ বলেন, এটি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাটতি পূরণ করবে। একই সঙ্গে আমরা নিজস্ব ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার এবং তা ইউরোপে মোতায়েন করার লক্ষ্যে কাজ করব।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে হওয়া এই চুক্তির আওতায় ইউরোপের প্রধান মিত্র দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সক্ষমতা বা ‘নো-হাউ’ আরও ব্যাপকভাবে হস্তান্তরের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের ফলে এসব দেশের নিরাপত্তা পরিস্থিতি ওলটপালট হয়ে গেছে।
সূত্র: এএফপি, রয়টার্স।
