গুচ্ছে জবিতে পরীক্ষা দিতে চায় প্রায় এক লাখ শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদন শেষ হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিতে প্রায় লাখখানেক শিক্ষার্থী আবেদন করেছেন। যার সংখ্যা ৯৩ হাজার ৫২২ জন।

মঙ্গলবার গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য মোট ৩ লাখ ৩ হাজার ২৩১ জন শিক্ষার্থী আবেদন করেছে। এরমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে ৯৩ হাজার ৫২২ জন শিক্ষার্থী আবেদন করেছে; যা দেশের মধ্যে সর্ববৃহৎ।

উপাচার্য আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে বিজ্ঞান অনুষদে মোট ৫৬ হাজার ৫৩৬ জন, মানবিক অনুষদে ২১ হাজার ৬৫ জন ও ব্যবসায় শিক্ষা অনুষদে ১৫ হাজার ৯২১ জন আবেদন করেছে। আসন্ন পরীক্ষার জন্য আমরা সবরকম প্রস্তুতি নিচ্ছি।
গুচ্ছের মোট আবেদনের বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহবায়ক ড. ইমদাদুল হক আরো বলেন, সারা দেশে তিন ইউনিট মিলে মোট ৩ লাখ ৩ হাজার ২৩১ জন শিক্ষার্থী আবেদন করেছে। এ ইউনিটে অর্থাৎ বিজ্ঞান বিভাগে আবেদন জমা পড়েছে প্রায় ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন, বি ইউনিটে অর্থাৎ মানবিক বিভাগে আবেদন জমা পড়েছে প্রায় ৯৬ হাজার ৪৩৪ জন এবং সি ইউনিটে অর্থাৎ ব্যাবসায় শিক্ষা বিভাগে আবেদন জমা পড়েছে ৩৯ হাজার ৮৬৪ জন।

এদিকে গত রবিবার (৩০ শে এপ্রিল) গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়। এরআগে জানানো হয়, ২০ মে মানবিক বিভাগ, ২৭ মে বাণিজ্য বিভাগ ও ৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৮ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

এ বছর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় হলো: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলনা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights