কাগজের মাছ ভাসাল শিক্ষার্থীরা
বিশেষ প্রতিনিধি, বগুড়া
প্রায় তিন বছর বর্ষা মৌসুমে বগুড়ার শাজাহানপুরে আড়িয়া রহিমাবাদ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার সমস্যা চলছে। দীর্ঘদিন শিক্ষা প্রশাসনকে জানালেও কোনো সমাধান মেলেনি। শিক্ষার্থীদের খেলাধুলা থেকে শুরু করে শারীরিক শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
এমন পরিস্থিতিতে গতকাল দুপুরে টিফিনের ফাঁকে বিদ্যালয় শিক্ষার্থীরা জলাবদ্ধ মাঠে কাগজের তৈরি মাছ, বিমান ও নৌকা ভাসিয়ে প্রতিবাদ জানায়। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরের অন্তত সাত মাস বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ থাকে। জানা যায়, বিদ্যালয়ের পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা ছিল না। শুধু বিদ্যালয়ের পাশে একটি ড্রেন ছিল। ফলে আশপাশ এলাকার সব পানি বিদ্যালয়ের নিচু মাঠে এসে জমে থাকত। এ পরিস্থিতির মধ্যে মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়।
